কাশ্মীরের পাহাড়ে দেশের জন্য প্রাণ দিয়েছেন দুই বাঙালি সেনা জওয়ান। দক্ষিণ অনন্তনাগের গাদুল এলাকায় চলছিল সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। হঠাৎ প্রচণ্ড তুষারঝড়ে অভিযান জটিল হয়ে ওঠে। সেই সময় থেকেই নিখোঁজ হন বাংলার দুই সাহসী প্যারা কমান্ডো— পলাশ ঘোষ ও সুজয় ঘোষ। কয়েকদিনের খোঁজাখুঁজির পর শুক্রবার আসে মর্মান্তিক খবর, আর ফিরলেন না তারা।
পলাশ ঘোষ ছিলেন হুগলির গর্ব। ষষ্ঠীর সকালে ছুটি কাটিয়ে আবার দায়িত্বে ফিরেছিলেন তিনি। দাদা মৃগাঙ্ক ঘোষ নিজের হাতে ভাইকে বিদায় দিয়েছিলেন এক টোটোয় করে। এরপর কয়েকবার ফোনে কথা হলেও বুধবার থেকে আর কোনও যোগাযোগ ছিল না। সেনা সূত্রে জানা যায়, বিশেষ সার্চ অপারেশন চলাকালীন তীব্র তুষারঝড়ে নিখোঁজ হয়ে যান পলাশ। দুই দিন ধরে চলছিল খোঁজ। অবশেষে বরফে ঢাকা অবস্থায় তাঁকে উদ্ধার করে সেনা, কিন্তু হাসপাতালের আইসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাহসী বীর।
অন্যদিকে বীরভূমের রাজনগর কুন্ডিরার এক কৃষক পরিবারের সন্তান ছিলেন সুজয় ঘোষ। বয়স মাত্র ২৮। বাড়িতে বাবা, মা, দাদা— সবার চোখে ছিল গর্ব ও আশঙ্কার ছাপ। সেনাবাহিনীর প্যারা কমান্ডো ৫ গ্রুপের সদস্য সুজয় শেষবার ফোনে জানিয়েছিলেন, অভিযানে যাচ্ছেন, কয়েকদিন কথা হবে না। কে জানত, সেটাই হবে শেষ কথা! বুধবারের সেই অভিযানে তিনিও তুষারঝড়ে আটকে পড়েন। দিন তিনেক পর ভেসে আসে মৃত্যুর খবর।
পলাশের মৃত্যুর খবর মিলতেই কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। স্ত্রীর পাশে দুই কন্যা, স্বপ্নভঙ্গের ভার সামলাতে পারছেন না কেউ। বাবা-মা প্রায় বাকরুদ্ধ। দাদা মৃগাঙ্ক জানালেন, “ষষ্ঠীর দিন ভাইকে এগিয়ে দিয়েছিলাম। ভাবিনি আর ফিরে দেখব না।” সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, পলাশের অসাধারণ কর্মদক্ষতা ও সাহসিকতার জন্য তাঁকে মরণোত্তর সম্মান জানানো হবে।
আরও পড়ুনঃ Budh Gochar 2025: অক্টোবরে ভাগ্যের মোড় ঘুরবে, দীপাবলির পর কোটিপতি হওয়ার সম্ভাবনা এই ৩ রাশির
একইভাবে শোক ছায়া নেমে এসেছে সুজয়ের গ্রাম কুন্ডিরাতেও। ২০১৮ সালে সেনায় যোগ দিয়েছিলেন তিনি। গ্রামের মানুষ বলে, সুজয় ছিল সবার প্রিয়, সর্বদা হাসিখুশি। আজ তার সেই হাসি স্মৃতির আয়নায় বন্দি। পরিবারের দাবি, “দেশের জন্য ছেলেকে হারালেও গর্ব অনুভব করছি, তবে একবার ছেলেকে শেষবার দেখতে পারলে ভালো লাগত।” সেনাবাহিনী জানিয়েছে, তাদের এই দুই বীরের আত্মত্যাগ কোনওদিন ভুলবে না ভারতবর্ষ। তুষারঝড়ে জমে গিয়েছিল শরীর, কিন্তু দেশরক্ষার অঙ্গীকারে তাঁদের সাহস জমেনি এক মুহূর্তও।





