প্রবল ঠাণ্ডার জেরে কাঁপুনি, ট্রেনের কামরার মধ্যেই ঘুঁটে জ্বালিয়ে গা গরম করলেন দুই যাত্রী

শীতকালে রাতের ট্রেন। স্বভাবতই প্রচণ্ড ঠাণ্ডা ট্রেনের ভিতর। কাছে যা সোয়েটার-জ্যাকেট ছিল, তাতেও মানছে  না শীত। কী করা যায়? শীতের হাত থেকে রক্ষা পেতে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন দুই যাত্রী। এর জেরে ট্রেনের মধ্যে হই হই রব পড়ে গেল।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে অসম ছাড়ার পর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে। সেই ট্রেনের সওয়ার ছিলেন ফরিদাবাদের চন্দন কুমার ও দেবেন্দ্র সিং নামের দুই যুবক। রাতের ট্রেনে ঠাণ্ডা মানছিল না। এর ফলে নিজেদের ব্যাগে যা যা সরঞ্জাম ছিল, তা দিয়েই শীত কাটানোর ব্যবস্থা করেন ওই যাত্রীরা। ব্যাগ থেকে ঘুঁটে বের করে তাতে আগুন জ্বালিয়ে দেন তারা। এভাবেই শীত থেকে রক্ষা পাওয়ার কৌশল বের করে যাত্রীরা। কিন্তু এর ফলে যে হাজার হাজার মানুষের প্রাণের ঝুঁকি হতে পারে, তা ভেবেই দেখলেন না দুই যুবক।   

এই ঘটনা আচমকাই দেখতে পান ওই ট্রেনে থাকা কর্মীরা। তারা প্রথমে ট্রেনের মধ্যে ধোঁয়া দেখতে পান। এরপরই তারা দেখেন কে কয়েকজন ট্রেনের মধ্যে আগুন জ্বালিয়ে তার সামনে বসে রয়েছে। এরপরই মাঝপথে থামিয়ে দেওয়া হয় ট্রেন।

এই ঘটনায় ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর দুই যুবক পুলিশকে জানান, তাদের নাকি কিছু করার ছিল না। ট্রেনের অসংরক্ষিত কামরায় প্রচণ্ড ঠাণ্ডা ছিল। আর এই ঠাণ্ডা থেকে বাঁচতেই এমনটা করেছেন তারা।

আরপিএফ-কে দুই যাত্রী জানান, “আমরা শুধু নিজেদের রক্ষা করার চেষ্টা করছিলাম। সেই কারণেই আগুন জ্বালিয়েছিলাম”। আরপিএফ-এর আলিগড় পোস্ট কমান্ডার রাজীব শর্মা জানিয়েছেন, দুই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে দুই যুবককে। এই ঘটনায় মোট ১৪ জন যাত্রীকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাদেরও গ্রেফতার করা হয়েছে বলে খবর। এই ঘটনার তদন্ত চলছে।

RELATED Articles