সামনেই লোকসভা নির্বাচন। এর আগে ফের একবার ভাঙন দিনহাটার গেরুয়া শিবিরে। তৃণমূলে ফিরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ। এর ফলে উত্তরবঙ্গে আরও কিছুটা দুর্বল হল পদ্ম শিবির।
গত পুরসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জয়দীপ ঘোষ। কিন্তু এবার মোহভঙ্গ হল তাঁর। গতকাল, রবিবার রাতে ফের দলবদল করলেন তিনি। দিন জেলা কার্যালয়ে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের উপস্থিতিতে তৃণমূলে ফিরে যান জয়দীপ।
জয়দীপের তৃণমূলে ফেরা প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, “জয়দীপ বিজেপিতে মর্যাদা পাচ্ছিলেন না। তাই তিনি আবার তৃণমূলে ফিরে এলেন। আমরাও চাইছিলাম জয় ফিরে আসুন। ওখানে গিয়ে জয় ভাল নেই, তা জেনেছিলাম। ও বুঝেছে। ঘরে ফিরে আসতে চাইছিল। এটা খুব অবাক করা ঘটনাও নয় আমার কাছে। বরং জয়ের চলে যাওয়া বেশি অবাক করা ছিল। এই কয়েক মাসে ও বুঝেছে, ওর আসল ঘর কোনটা”।
এই ওয়াপসি নিয়ে তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য, “নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে জয়দীপ দলবদল করেছিলেন। তবে আলোচনার মধ্য দিয়ে সেটা মিটে গিয়েছে। দল তাঁকে যোগ্য মর্যাদা দেবে”।
উল্লেখ্য, দিনহাটায় বিজেপির সংগঠনকে মজবুত করতে জয়দীপের ভূমিকা বেশ উল্লেখযোগ্য। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের যথেষ্ট ঘনিষ্ঠ লোক ছিলেন এই জয়দীপ ঘোষ। ফলে তাঁর দলবদলে গেরুয়া শিবির যে চাপের মধ্যে পড়ল, তা বলাই বাহুল্য।
তবে জয়দীপের এই দলবদলকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ দিনহাটার বিজেপি নেতৃত্ব। দলের জেলা সভাপতি ও বিধায়ক সুকুমার রায় সাফ জানান, “জয়দীপ ঘোষ চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না। ওর বিরুদ্ধে খুন-সহ বিভিন্ন মামলা রয়েছে। সেই ঘটনায় তাঁকে ভয় দেখিয়ে তৃণমূল যোগদান করিয়েছে”।





