এবার থেকে NEET পরীক্ষায় বসতে গেলে বয়সের কোনও ঊর্ধ্বসীমা থাকছে না। যে কোনও বয়সের পড়ুয়ারাই এই পরীক্ষা দিতে পারবেন। গতকাল, বুধবার এমনটাই জানানো হল কেন্দ্রের তরফে। গত বছরের ২১শে অক্টোবর ন্যাশানাল টেস্টিং এজেন্সি ও ন্যাশানাল মেডিক্যাল কাউন্সিলের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।
এতদিন পর্যন্ত অসংরক্ষিত ক্যাটগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৫ বছর আর সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ৩০ বছর। তবে এবার থেকে আর সেসব কিছু থাকবে না। যে পড়ুয়ারা ভৌত বিজ্ঞান, রসায়ন ও জীবন বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন, তাঁরা বয়স নির্বিশেষে এই পরীক্ষায় বসতে পারবেন।
প্রত্যেক বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। গত বছর প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন। তবে এবার কেন্দ্রের এইও পদক্ষেপের ফলে এই পরীক্ষায় আবেদনকারীদের সংখ্যা যে আরও বাড়বে, তা বলাই যায়। এর ফলে ভবিষ্যতে নিট পরীক্ষার প্রতিযোগিতাও আরও কয়েক গুণ বাড়তে চলেছে।
NEET 2022 পরীক্ষার বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মের কথা উল্লেখ করবে NTA। খুব তাড়াতাড়িই এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। NEET পরীক্ষার সরকারি ওয়েবসাইট neet.nta.nic.in-এ গিয়ে পড়ুয়ারা এই বিজ্ঞপ্তি ও আবেদনের পদ্ধতি খতিয়ে দেখতে পারবেন। এই পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ এখনও প্রকাশ হয়নি, তবে মনে করা হচ্ছ্র যে আগামী জুন মাসেই এই পরীক্ষা আয়োজিত হতে চলেছে।
গত বছরের মতোই, এই বছরও পরীক্ষার নতুন ধরণ বজায় থাকছে। প্রথম সেকশনে থাকবে মোট ৩৫টি প্রশ্ন। দ্বিতীয় সেকশনে থাকবে ১৫টি প্রশ্ন। দ্বিতীয় সেকশনের ১৫টি প্রশ্নের মধ্যে পরীক্ষার্থীদের যেকোনোও দশটি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার্থীদের অবজেক্টিভ ধরণের প্রশ্ন করা হবে বলে জানা গিয়েছে।






