নতুন আইন! কুকুর বা অন্য পশুদের মারলে বা অত্যাচার করলে দিতে হবে ৭৫০০০ টাকা জরিমানা, হতে পারে হাজতবাসও

রাস্তার কুকুর বা অন্যান্য পশুদের ঢিল মারা বা তাদের আঘাত করে পৈশাচিক আনন্দ ভোগ করা, আর ধরা পড়লেও খুব সহজে পার পেয়ে যাওয়ার দিন শেষ। আসতে চলেছে নতুন আইন। এর জেরে রাস্তার কুকুর বা অন্য পশুদের মারলে ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি ৫ বছর পর্যন্ত জেলও হতে পারে বলে জানা গিয়েছে।

পুরনো আইনের সংশোধন করতে চলেছে সরকার। বর্তমানে লাগু হওয়া আইন অনুযায়ী, কোনও পশুকে অত্যাচার করলে বা তাকে মেরে ফেললেও ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত। এবার ৬০ বছরের এই আইনে সংশোধন আনতে চায় কেন্দ্র।

নতুন প্রস্তাবিত এই আইনে ৩ ধরণের হিংসার মাত্রার কথা উল্লেখ করা হয়েছে। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরে বিশেষভাবে ক্ষত ও আঘাতের ফলে মৃত্যু। এর জেরে ৭৫ থেকে ৭৫ হাজার টাকা জরিমান ও প্রয়োজন বিশেষে জেলও হতে পারে বলে জানা গিয়েছে। আঘাত করলে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুন টাকা জরিমানা দিতে হবে।

বর্তমান আইনে জরিমানার টাকা কম বলেই যে শুধু তা সংশোধন করা হচ্ছে তা নয়। এই আইনে পশুর উপর অত্যাচারের রকমভেদ নিয়ে কিছু উল্লেখ করা নেই। এই কারণেই এই আইনের ফাঁক দিয়ে অনেক অপরাধীই ছাড়া পেয়ে যায়। গত বছর কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাইয়ে অন্তঃসত্ত্বা হাতিকে মেরে ফেলার পর থেকেই আইনের ফাঁকগুলি আরও বেশি করে নজরে এসেছে। সেই সময়ই এই আইন সংশোধনের প্রস্তাব পেশ করেন রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর।

ভারতের নানান আদালতে বর্তমানে ৩১৬টি এরকম মামলা চলছে। এর মধ্যে সুপ্রিম কোর্টেই রয়েছে ৬৪টি মামলা। আইন সংশোধনের খসড়ার কাজ শেষ হলে তা সকলকেই জানিয়ে দেওয়া হবে। এরপরই ব্যবস্থা নেবে সরকার। তারপর বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করার পর এই নতুন আইন লাগু করা হবে।

RELATED Articles