ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে উদগ্রীব! দর্শন পেতে বৃন্দাবনে সাত তলা থেকে ঝাঁপ রাশিয়ান মহিলার

বহু বিদেশি কৃষ্ণ ভক্ত হন। ইসকনের মন্দির,  বৃন্দাবন বিভিন্ন জায়গায় দেখা মেলে এই ভক্তদের। কৃষ্ণ নামেই মগ্ন থাকেন তাঁরা। তবে কৃষ্ণ দর্শন পেতে আত্মহত্যা এই প্রথম। উত্তর প্রদেশের বৃন্দাবনে শনিবার অস্বাভাবিক মৃত্যু হয় এক রাশিয়ান মহিলার। জানা গিয়েছে, এক বিল্ডিংয়ের ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে তাঁর মৃত্যু হয়। ওই মহিলা বৃন্দাবন ধাম অ্যাপার্টমেন্টে থাকতেন। এই অ্যাপার্টমেন্টটি ‘রাশিয়ান বিল্ডিং’ নামেই পরিচিত।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত মহিলার নাম তাতিয়ানা হেমলোভস্কায়া। তিনি এই বাড়িতে  গত বছর ফেব্রুয়ারি থেকে ছিলেন। এমপি সিংহ নামের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাতিয়ানা একাই থাকতেন ওই অ্যাপার্টমেন্টে। তিনি পর্যটক ভিসায় ভারতে ছিলেন। তাঁর বাড়ি রাশিয়ার রোস্তোভ শহরে।

ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, ওই বিল্ডিংয়ের অন্য অ্যাপার্টমেন্টেও  তাতিয়ানার এক বন্ধুও থাকতেন। তিনি নাকি পুলিশকে জানিয়েছেন, তাতিয়ানা ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে ব্যগ্র ছিলেন। সেই কারণেই এই মরণ ঝাঁপ বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই ওই রাশিয়ান নাগরিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে গোটা বিষয়টি রাশিয়ার দূতাবাসকেও জানিয়েছে প্রশাসন।

 

আরও অন্যান্য খবর