কৃষকদের রক্তিম যাত্রা চোখ কাড়ছে দেশবাসীর। মহারাষ্ট্রের ২১টি জেলা থেকে নাসিকে জড়ো হয়েছেন অগুনিত কৃষক। এরপর তাঁরা যাত্রা করেছেন মুম্বইয়ের দিকে। কেন্দ্রের কৃষক আইনের প্রতিবাদে এই পদযাত্রায় সামিল হয়েছেন কৃষকরা। লাল রঙের নিশান নিয়ে নাসিক থেকে মুম্বইয়ের দিকে কৃষকদের এই পদযাত্রা শিরোনামে উঠে এসেছে। নাসিকের রাস্তায় ব্যানার-পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করেন কৃষকেরা।
আজ অর্থাৎ রবিবার মহারাষ্ট্রের ‘অলইন্ডিয়া কিসান সভা’র আয়োজনে কৃষক আন্দোলনের সমর্থনে মুম্বইয়ে এই জমায়েতের আয়োজন হয়। এই প্রতিবাদ নিয়ে মোর্চার আহ্বায়ক জানান, নাসিক থেকে ১৮০ কিলোমিটার হেঁটে মুম্বইয়ের আজাদ ময়দানে পৌঁছবেন কৃষকেরা। আজাদ ময়দানে ধর্নার আয়োজন করা হয়েছে। সোমবার মিছিল করে যাওয়া হবে রাজভবনে। সেখানে প্রতিবাদে সামিল হবেন শরদ পাওয়ার, আদিত্য ঠাকরে প্রমুখ বহু রাষ্ট্রের নেতারা।





