কৃষক একতাই কৃষক আন্দোলনের মূল শক্তি। আর তাইতো জয়ধ্বনি ওঠে ‘কিষান একতা জিন্দাবাদ’। আর এবার এই একতাতেই ফাটল ধরল। গতকাল অর্থাৎ গণতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মার্চ শুরু হবার পর দিল্লী জুড়ে যে হিংসা ছড়িয়ে পড়ে তারপর এবার রাষ্ট্রীয় কিষাণ সংগঠনের নেতা বিএম সিংহ ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে নিজের সংগঠনকে এই আন্দোলন থেকে বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানিয়েছেন, আমরা এই আন্দোলন এখানেই শেষ করছি। আমাদের সংগঠন এবার এই আন্দোলন করবে না। তিনি স্পষ্ট জানিয়েছেন যাঁরা যাঁরা এই আন্দোলন থেকে সরে যাতে চাইছেন, তাঁরা এখুনি সরে আসুন। আমি এভাবে এই আন্দোলন চালাতে পারব না। আমরা না এখানে শহীদ হতে এসেছি, না নিজেদের মানুষকে মারতে এসেছি। তাঁদের সঙ্গে আন্দোলন করা সম্ভব না, যাঁদের রাস্তাই আলাদা।
তিনি কৃষি নেতা রাকেশ টিকাইতের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রাকেশ টিকাইত আরও একবার আখ চাষিদের কথা তুলেছে। তিনি ধান কেনা নিয়ে কিছু বলেন নি। আমরা এখানে সমর্থন করতে এসেছি, আরেকদিকে আমাদের সমর্থন অন্য একজন নেতা হয়ে গেছেন। আমরা এটা বরদাস্ত করব না। আমি এই আন্দোলন বড় করার কাজ করেছি, আমি কৃষকদের দিল্লী নিয়ে এসেছি। আমরা এখানে দেশকে, নিজেদের, আর প্রজাতন্ত্র দিবসকে বদনাম করতে আসিনি l
বিএম সিংহের এই বয়ানের পর সংযুক্ত কিষাণ মোর্চার এক নেতা জানান, উনি নিজেকে কি আন্দোলন থেকে আলাদা করবেন? ওঁকে আগে থেকেই সবাই আলাদা করে রেখেছে। তিনি জানান, সংযুক্ত কিষাণ মোর্চার ছায়াতলে যেসব কৃষকরা আন্দোলন করে আসছে, তাঁরা আগামী দিনেও আন্দোলন করে যাবে।
একই সঙ্গে, ভারতীয় কিষাণ ইউনিয়নের ভানু গোষ্ঠীর কৃষকরাও আন্দোলন থেকে সরে দাঁড়াল। সংগঠনের প্রধান ভানুপ্রতাপ সিংহ বলেন, যারা দোষী তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। ভানুপ্রতাপ সিংহ চিল্লা বর্ডার থেকে ধর্না শেষ করার ঘোষণা করেন।





