গত ১৭ বছরে ১৮ জন মহিলাকে খুন করেছে এক ব্যক্তি। বউ পালিয়ে যাওয়ায় রাগে অন্য মেয়েদের খুন করতেন হায়দ্রাবাদের এক ৪৫ বছরের ওই সিরিয়াল কিলার। আবার এক-দু’জন নয়, ১৮ জন মহিলা। মঙ্গলবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে শুধু খুনই নয়, এই ব্যক্তির বিরুদ্ধে অন্যান্য অভিযোগও রয়েছে।
পুলিশ সূত্রের খবর, মাত্র ২১ বছর বয়সে বিয়ে করেন ওই ব্যক্তি। পেশায় পাথরের খাদানের শ্রমিক ছিল সে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তার বউ গ্রামের অন্য লোকের সঙ্গে পালিয়ে যায়। আর এরপর থেকে মেয়েদের একেবারে সহ্য করতে পারত না ওই ব্যক্তি। বউ পালিয়ে যাওয়ার রাগ থেকেই একের পর এক খুন করতে থাকে ওই সিরিয়াল কিলার। এমনটাই পুলিশকে জানিয়েছে ওই ব্যক্তি।
এই ব্যক্তির বিরুদ্ধে মোট ২৩টি অভিযোগ রয়েছে। ১৮টি মহিলাকে খুন করা ছাড়াও আরও অভিযোগ রয়েছে তার নামে। এর মধ্যে চারটি সম্পত্তি নিয়ে বিবাদ ও একটি অভিযোগ রয়েছে থানা থেকে পালিয়ে যাওয়ার। এদিন হায়দ্রাবাদ সিটি পুলিশ টাস্ক ফোর্স ও রাচকোণ্ডা কমিশনারেট পুলিশের যৌথ প্রচেষ্টায় এই ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০০৩ সাল থেকেই নিজের এই অপরাধমূলক কাজকর্ম শুরু করে এই ব্যক্তি। অল্পবয়সী ও একা মহিলাদেরই বেশীরভাগ নিশানা করত সে। প্রথমে বন্ধুত্ব করে তারপর টাকার বিনিময়ে যৌন সঙ্গম করার প্রস্তাব দিত মহিলাদের, এমনটাই জানা গিয়েছে। এরপর যেসমস্ত মহিলারা তার প্রস্তাবে রাজী হতেন, তাদেরই খুন করতেন এই ব্যক্তি। প্রথমে মহিলার বাড়ি গিয়ে তাকে মদ খাইয়ে অজ্ঞান করে তারপর তাকে খুন করত ওই ব্যক্তি। এরপর মহিলাদের গয়না নিয়ে চম্পট। এর আগেও পুলিশ তাকে একবার গ্রেফতার করে, কিন্তু সে থানা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। অবশেষে ফের একবার অনেক প্রচেষ্টার পর তাকে গ্রেফতার করল পুলিশ।





