মুম্বাইয়ের কান্দিভলিতে ধসে পড়ল দোতলা বাড়ির একাংশ

করোনার মাঝে এবার এক বড়ো দুর্ঘটনা ঘটে গেল মুম্বাইয়ের কান্দিভলিতে (ওয়েস্ট)। সেখানে ধসে পড়ল একটি দোতলা বাড়ির দেওয়াল। ধ্বংসস্তূপে আটকে পড়েন কয়েকজন। তবে ইতিমধ্যেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজে নেমেছেন উদ্ধারকারীরা।

রবিবার সকাল ৫ টা ১৫ মিনিট নাগাদ কান্দিভলির (ওয়েস্ট) লিঙ্ক রোডের কাছে আচমকাই একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিকভাবে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। এছাড়াও আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একটি দলও।

প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে চার-পাঁচজন ওই ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন। পাশাপাশি ওই বাড়ির উপরের তলাতেও আটকে পড়েছেন কয়েকজন। জানালার গ্রিল ভেঙে তাঁদের উদ্ধার করা হয়েছে।

এনডিআরএফের ডিজি সত্যনারায়ণ প্রধান জানিয়েছেন, ইতিমধ্যেই আটকে থাকা সবাইকে উদ্ধারের কাজ শেষ হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ‘সকাল ছ’টা নাগাদ কান্দিভলিতে (ওয়েস্ট) ডালজি পাড়ার সাবরিয়া মসজিদের কাছে একটি দোতলা বাড়ি ভেঙে পড়েছে। আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করেছে বৃহন্মুম্বই পুরনিগম, দমকল, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। এই ঘটনায় এখনো পর্যন্ত কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সকলেই কমবেশি আহত হয়েছেন।’

RELATED Articles

Leave a Comment