সপ্তাহের শেষেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করলেন আবহাওয়াবিদরা। রাজধানী দিল্লি-সহ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তর-পশ্চিমের নানান রাজ্যে শৈত্যপ্রবাহ হতে পারে। আগামী কয়েকদিনে এই রাজ্যগুলিতে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে তাপমাত্রা থাকতে পারে ৬ থেকে ১০ ডিগ্রির মধ্যে।
আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই পৌষের শুরুতেই জাঁকিয়ে পড়বে শীত, এমনটাই সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন কুয়াশা থাকার সম্ভাবনা।
বাংলায় শীত ঢুকে গিয়েছে। দু’দিনে কলকাতায় ৪ ডিগ্রি তাপমাত্রা নেমেছে। আগামী তিন-চারদিন এমনই আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই বইবে উত্তুরে হাওয়া। পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত অনুভব করবে রাজ্যবাসী।
কলকাতায় আকাশ এখন পরিষ্কার। আগামী কয়েকদিনেও পরিষ্কার আকাশ থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। শুষ্ক আবহাওয়া ও উত্তুরে হাওয়া থাকায় শীতের পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গে শীতের আমেজ আরও বেড়েছে। আজ দক্ষিণবঙ্গের জেলায় পারদ আরও নামবে বলে জানা গিয়েছে। জেলার তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রির আশেপাশে।
অন্যদিকে, উত্তর-পশ্চিম রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে। পূর্বদিক দিয়ে বয়ে যাবে এই ঝঞ্ঝা। এর জেরে রাজ্যে শীত আরও বাড়বে। এই সময় জাঁকিয়ে শীত পড়ে জুবুথুবু হওয়ার পরিস্থিতি হতে পারে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আগামী কয়েকদিনে নানান জেলায় সকালবেলা কুয়াশা ও শিশির পড়তে দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের কোথাও কোথাও দেখা যেতে পারে ঘন কুয়াশা। এর জেরে দৃশ্যমানতা কম হওয়ার সম্ভাবনা।





