আপাত ভাবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকেই চালু হয়ে যাবে কলকাতা মেট্রো (Kolkata metro) ও ইস্ট- ওয়েস্ট মেট্রো (East- West metro)৷ আর তারপর লোকাল ট্রেনের (local train) পরিষেবাও চালু করার স্বপক্ষেই মত দিল রেল৷ আর তাই নাকি পুজোর আগেই পরিষেবা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে৷ এমনটাই সূত্রের খবর। একইসঙ্গে জানা যাচ্ছে রেল চাইলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য প্রশাসনের (State government) সঙ্গে আলোচনা করেই।
আগামী সোমবার থেকে দ্বিতীয়বারের মতো চালু হতে চলেছে কলকাতা মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রো। সেখানে কী পরিস্থিতি দাঁড়ায় তা আগে খতিয়ে দেখতে চায় রেল। ইতিমধ্যেই মেট্রোর ক্ষেত্রে একগুচ্ছ বিধিনিষেধ (Terms and Conditions) আরোপ করা হয়েছে৷ করোনা পরিস্থিতিতে মেট্রোর ভিতরে ও বাইরে সুরক্ষা ও দূরত্ববিধি মেনে চলার নির্দেশ কর্তৃপক্ষের৷
প্রসঙ্গত, বাংলায় রেলের দুটি শাখায় লোকাল ট্রেন চলে। যথাক্রমে একটি পূর্ব ও আরেকটি দক্ষিণ-পূর্ব শাখা। সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছেন রেলের কর্তারা। কারণ লোকাল ট্রেনের চালুর ক্ষেত্রে সুরক্ষা ও দূরত্ব বিধি মানা (Social distancing) একটা বড় চ্যালেঞ্জ৷ সেটা মেনে ট্রেন চালানো সম্ভব কিনা, তা রাজ্যের সঙ্গে রেল কর্তৃপক্ষের আলোচনার মূল বিষয় হবে বলে জানা গিয়েছে৷ কারণ লোকাল ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ করা বেশ দুঃসাধ্য ব্যাপার।
আগামী সোমবার অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর থেকে মেট্রো চালু হচ্ছে৷ আর তার আগে ১৩ই সেপ্টেম্বর নিট পরীক্ষার জন্য চলবে স্পেশাল মেট্রো৷ এদিকে মেট্রো কর্তৃপক্ষ কড়া ভাবে জানিয়েছে, স্টেশনে কোনওরকম নোংরা বরদাস্ত করা হবে না৷ মেট্রো স্টেশন চত্বরে পানের পিক, গুটখা বা থুতু ফেললে ৫০০ টাকা জরিমানা করা হবে। এমনই কড়া নির্দেশিকা জারি করেছে কলকাতা মেট্রোরেল৷ যাত্রীদের এই বিষয়ে সচেতন করতে মেট্রো স্টেশনের দেওয়ালে পোস্টার ঝোলানো হয়েছে।
ইতিমধ্যেই মেট্রো স্টেশন পরিদর্শন সেরেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী (Manoj Joshi)। বিভাগীয় প্রধানদের নিয়ে তিনি সরেজমিনে খতিয়ে দেখেন মেট্রো স্টেশনগুলির অবস্থা।





