দীর্ঘদিন স্ব-আইসোলেশনে থাকার পর অবশেষে মাঠে ফিরলেন চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার। মাত্র ৮ দিন বাকি থাকতে অনুশীলনে নামার জেরে আদৌ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ খেলতে পারবেন তো? এই নিয়ে জল্পনার অবসান ঘটালেন সিএসকে-এর সিইও কাশি বিশ্বনাথন।
সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, ১৯ তারিখের আগেই ম্যাচ ফিট হয়ে যাবেন চাহার। এছাড়া বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃক সকল পরীক্ষা উতরে তবেই অনুশীলনে নেমেছেন দীপক, এমনটাই জানিয়েছেন বিশ্বনাথন।
এদিকে চেন্নাইয়ের সহ অধিনায়ক সুরেশ রায়নার বদলি হিসেবে আন্তর্জাতিক টি২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইংরেজ ব্যাটসম্যান দাওয়িদ মালানের কথা উঠলেও সেই জল্পনা একেবারে উড়িয়ে দেন বিশ্বনাথন। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই মুহুর্তে দলে বিদেশীদের কোটা সম্পূর্ণ হওয়ায় কোনওভাবেই আরও এক বিদেশীকে নেওয়া সম্ভব নয়।





