মানতে হবে বর্তমান বিধিনিষেধ, নাহলে পুরো রাজ্য ফের লকডাউনের হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেইসঙ্গে মুম্বাইয়ের মানুষের জন্য কেন্দ্রীয় সরকার যাতে লোকাল ট্রেন চালু করে তারও দাবি জানিয়েছেন তিনি।
ভারতে বর্তমানে যতজন আক্রান্ত রয়েছেন তার মধ্যে ৭০% আক্রান্ত মহারাষ্ট্রেই রয়েছেন। এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৯০,৭৮৭ যেটা সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। মৃত্যুর সংখ্যাতেও শীর্ষে মহারাষ্ট্র।
এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বললেন লোকে যদি সামাজিক দূরত্ব বিধি না মেনে চলে তবে মহারাষ্ট্রে আরেকবার লকডাউন করতেই হবে। ইতিমধ্যেই রাজ্যে প্রায় দেড় লক্ষ মানুষের বিরুদ্ধে লকডাউনে নিয়ম ভাঙার জন্য আইনি ব্যবস্থা নিয়েছে মহারাষ্ট্র পুলিশ।
মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যের অর্থনীতি এই দুই মাসে যথেষ্ট ধাক্কা খেয়েছে তাই অর্থনীতিকে সচল করার জন্যেই লঘু করা হয়েছিল বিধি-নিষেধ। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বহু মানুষ এই বিধিনিষেধ লঘু করাকে খুব সহজভাবে নিচ্ছেন এবং তারা কোন কথাই শুনছেন না। এটা যদি চলতে থাকে তবে যে বিধি নিষেধ লঘু করা হয়েছিল সেগুলো আবার প্রয়োগ করা হবে।
মহারাষ্ট্র এই বিধিনিষেধ লঘু করার প্রক্রিয়াকে নাম দিয়েছিল মিশন বিগিন এগেইন। এর আওতায় যে সব ছাড় দেওয়া হয়েছে, তাতে বিভিন্ন জায়গায় যে সংখ্যক লোক জমছে, তা দেখে রীতিমতো আতঙ্কিত মুখ্যমন্ত্রী।
তিনি বলেন যে, রাজ্যের মানুষ মোটের ওপর সহযোগিতা করছেন কিন্তু অনেকে যদি নিয়ম না মানেন তাহলে ফের লকডাউনে যেতে হবে রাজ্যকে।
গোটা দেশেই ধীরে ধীরে লকডাউন তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল গত পয়লা জুন থেকে। কিন্তু তারপরই সাধারণ মানুষ যেভাবে সামাজিক দূরত্ব বিধি না মেনে পথেঘাটে বেরিয়েছেন তাতে সংক্রমণের হার এই কয়দিনে এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। ফলে তখনই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে লকডাউন কি আবার হতে পারে? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সেই সম্ভাবনাকে আরো একবার জোরদার করে দিলেন।





