ফের রাম মন্দির ভাঙ্গার পরিকল্পনা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ইমাম কাউন্সিলের কেরল শাখার রাজ্য সহ-সভাপতি ফতেউদ্দিন রাশিদি’র। সর্বোচ্চ আদালতের রায়ের পরই উত্তরপ্রদেশের অযোধ্যায় (Ayodhya) শুরু হয়েছে রাম মন্দির (Ram Mandir) নির্মাণের কাজ। একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকল্প জমিতে তৈরি হবে মসজিদ। সেই অনুযায়ী মসজিদ তৈরির প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
আর এই মোক্ষম সময়ই মুসলিম সম্প্রদায়ের মানুষদের ফের বাবরি মসজিদের দাবিতে আন্দোলন শুরু করার জন্য আহ্বান জানালেন এই পিএফআই নেতা। সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি কেরলের তিরুবন্তপুরমের অ্যাকাউন্ট জেনারেলের অফিসের সামনে একটি মিছিলের আয়োজন করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) -র ইমাম কাউন্সিলের কেরল শাখা। সেখানেই নিজের বক্তব্য রাখতে গিয়ে এই সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা দেওয়ার অভিযোগ উঠেছে ওই সংগঠনের রাজ্য সহ-সভাপতি ফতেউদ্দিন রাশিদির (Fatehuddin Rashadi) বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে তাঁর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
তাঁর বক্তব্যের এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। ওই ইমামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে কেরলের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলির নেতৃত্ব।
ভাইরাল ভিডিওতে ওই মুসলিম নেতাকে বলতে শোনা গেছে, ‘আপনারা মন্দির তৈরি করতে পারেন। কিন্তু, আমাদের মাথায় রয়েছে যে ওখানে বাবরি মসজিদ (Babri Masjid) তৈরি হয়েছিল। ফের যেকোনও সময়ে আমরা সেখানে ওই মসজিদ তৈরি করব। এর সবথেকে বড় উদাহরণ হল কাবা। সেখানে যেমন ৩ হাজার মূর্তিকে বন্ধ করে রাখা হয়েছে একই ঘটনা ঘটবে অযোধ্যাতেও। রাতারাতি সমস্ত মূর্তিকে বাইরে ফেলে দিয়ে ওই জায়গাকে আল্লার বাড়ি বানানো হবে।’ ইমাম কাউন্সিলের নেতার ওই বক্তব্যের কথা প্রকাশ পেতেই তীব্র সমালোচনা করছে কেরলের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন।





