যার বিয়ে তাঁর হুশ যে ভালো রকমই থাকে তার প্রমাণ পেলেন আলিগড়ের জেলাশাসক চন্দ্রভূষণ সিংহ ওরফে সি বি সিংহ।
বিভিন্ন লোকের অভিযোগ তিনি শুনেই থাকেন। তবে এবার এক অন্যরকম ঘটনার সাক্ষী হলেন তিনি। নিজের দফতরেই কাজে মগ্ন ছিলেন। তখনই একজন সাক্ষাতের অনুরোধ নিয়ে হাজির হন। কিছুক্ষণ অপেক্ষা করার পর করিশ্মা কুমারী নামের ওই তরুণীকে দফতরে ডেকে নেন সি বি সিংহ। জেলাশাসকের দিকে একটি দরখাস্ত এগিয়ে দেন তরুণী। যার বয়ান পড়ে হতভম্ব সি বি সিংহ। কী লেখা ছিল ওই তরুণীর দরখাস্তে?
ঘটনাটি গত শুক্রবারের। সাক্ষাৎপ্রার্থী ওই তরুণী করিশ্মার আবেদনপত্রে লেখা রয়েছে, আগামী ২৭শে ফেব্রুয়ারি তাঁর বিয়ে। কিন্তু তাঁর গ্রামে ঢোকার মূল সড়কের বেহাল দশা। ফলে বরযাত্রীকে তাঁর বাড়ি পৌঁছতে বেশ হ্যাপা পোহাতে হবে। তাই আলিগড়ের জেলাশাসকের কাছে ওই তরুণীর আর্জি, তাঁর গ্রামের রাস্তাটি মেরামত করা হোক দ্রুত। যাতে তাঁর বিয়ের ‘বরাত’ বা বরযাত্রী তাঁর গ্রামে সহজে পৌঁছে যায়। কোন ঝামেলা ছাড়াই।
গোটা ঘটনায় অবশ্য সি বি সিংহ নড়েচড়ে বসেছেন। তিনি ওই তরুণীর অনুরোধ নথিবদ্ধ করে ব্লক স্তরের কর্মকর্তাদের রাস্তাটি মেরামত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং সেটা ওই তরুণীর বিয়ের আগেই।
কি বলছেন ওই হবু কনে? তাঁর কথায় “আমাদের গ্রামের রাস্তা এবং আমার বাড়ির গলিটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। রাস্তাটিতে জল জমে। বেহাল দশা।





