রাজ্যপালের ডাকা চা-চক্রে রাজভবনে মমতা! বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ? 

২৩শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনার পর আজ রাজ্যপালের ডাকা চা চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে রাজভবন যান মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত রাজভবনের নিয়মানুযায়ী, স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজ্যপাল একটি চা চক্রের আয়োজন করেন। সেখানে আমন্ত্রণ জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টজনেদের। তবে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ নতুন সমীকরণের ইঙ্গিত কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

কারণ, নিত্য‌ই রাজ্যপালের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু না কিছু নিয়ে বিবাদ লেগেই থাকে। এত খারাপ সম্পর্ক অন্য কোন‌ও রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে আছে কিনা তা জানা নেই।

তাৎপর্যপূর্ণ ভাবে, রাজ্যপালের চা চক্রে যোগদান কোনও বাধ্যতামূলক বিষয় নয় মুখ্যমন্ত্রীর কাছে। গত বছর প্রজাতন্ত্র দিবসের বিকেলে চা চক্রে যোগ দিলেও, ১৫ অগস্টের চা চক্রে না গিয়ে সকালেই সরকারি অনুষ্ঠান শেষে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষ করে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সকালে রাজভবনে গিয়ে বিকেলে চা চক্র বয়কট করায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন রাজ্যপাল। কিন্তু মঙ্গলবার সকালে রাজ্য সরকার আয়োজিত রেড রোডের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছু সময় কথাও হয় তাঁর। এরপরেই বিকেলে মুখ্যমন্ত্রীও পাল্টা সৌজন্য দেখিয়ে রাজভবনের অনুষ্ঠানে যোগ দেন l

প্রসঙ্গত, গত ৬ই জানুয়ারি সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে যান মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা একান্তে কথা হয় তাঁদের। নবান্ন ও রাজভবন সূত্রে জানানো হয়, একে নতুন বছরের শুরুতে সৌজন্য সাক্ষাত্ বলা হয়েছিল। কিন্তু বৈঠক প্রসঙ্গে রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী, প্রকাশ্যে কিছুই জানাননি।

বিভিন্ন বিবাদের মধ্যে একই মাসে দু’বার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles