সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলই হ্যাক হয়ে গেল। এই নিয়ে ছড়িয়েছে তুমুল উত্তেজনা। আজ, শুক্রবার সকাল থেকেই বেশ সমস্যা দেখা দিয়েছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে। শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়া যে চ্যানেলে লাইভ সম্প্রচার হয়, সেই চ্যানেলই হ্যাক হয়েছে। এর ফলে নিরাপত্তা নিয়ে উঠল বড় প্রশ্ন!
আজ, শুক্রবার সকালেই হ্যাক হয়েছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল, এমনটাই খবর। লাইভ স্ট্রিমিংয়ের ভিডিওর বদলে সেই চ্যানেলে নানান উল্টোপাল্টা ভিডিও দেখা যাচ্ছে বলে খব। জানা গিয়েছে, চ্যানেলে কখনও দেখা যাচ্ছে ক্রিপ্টো কারেন্সি সংক্রান্ত ভিডিও আবার কখনও দেখা যাচ্ছে ওই ইউটিউব চ্যানেলের পেজে ক্লিক করলে অন্য এক পেজ খুলে যাচ্ছে।
শুধুমাত্র যে ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে তাই-ই নয়, সুপ্রিম কোর্টের এই ইউটিউব পেজ থেকে আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার শুনানির প্রক্রিয়াও কার্যত গায়েব, এমনটাই খবর। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে আর জি কর মামলার যে ভিডিও রেকর্ডিং ওই চ্যানেলে ছিল, তা প্রাইভেট করে দিয়েছে হ্যাকাররা। ওই সংক্রান্ত ভিডিও সার্চ করতে ‘Brad Garlinghouse: Ripple Responds To The SEC’s $2 Billion Fine! XRP PRICE PREDICTION’ নামক ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত একটি লাইভ ভিডিও আসছে বলে খবর।
এই চ্যানেল হ্যাক হওয়ার বিষয়টি স্বীকারও করে নিয়েছেন সুপ্রিম কোর্টের এক আধিকারিক। জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে আইটি টিম। ন্যাশানাল ইনফরমেটিক্স সেন্টারের সঙ্গেও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে বলে খবর।





