নিজেদের দেশের খবর নেই অন্যের দেশে কি হচ্ছে সেই নিয়ে সদা মাতোয়ারা পাকিস্তান। বিশেষত সেই দেশটার নাম যদি হয় ভারত তাহলে তো কথাই নেই।
বেশ কিছুদিন ধরে পাকিস্তান অভিযোগ করছিল, ভারত নাকি ভুয়ো তথ্য ছড়াচ্ছে। এবার
প্রতিবেশী দেশের সেই অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে ইসলামাবাদকে তীব্র আক্রমণ করল ভারত। স্পষ্ট জানিয়ে দেওয়া হল ভুয়ো তথ্য ও খবর ছড়ানোর সেরা উদাহরণের কথা বলতে হলে ভারতের প্রতিবেশী দেশের কথাই বলতে হবে।
সম্প্রতি, কারণে অকারণে ভারতের বিরুদ্ধে ইয়র্কার বাউন্সার ছোঁড়া পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের বিরুদ্ধে ভুয়ো সংবাদ সংস্থার সাহায্যে মিথ্যে খবর ছড়ানোর অভিযোগ এনেছিলেন। আর তার স্বপক্ষে ইউরোপীয় ইউনিয়নের ভুয়ো তথ্য সংক্রান্ত এক গবেষণাগারের রিপোর্ট তুলে ধরে ভারতকে কাঠগড়ায় তোলেন তিনি।
প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে একই ধরনের অভিযোগ এনেছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও।
আর এবার প্রতিবেশী পাকিস্তানের এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ সোজা ব্যাটে মাঠের বাইরে ফেললেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
নিজের বক্তব্যে তিনি জানান, দায়িত্বশীল গণতান্ত্রিক এক দেশ হিসেবে ভারত কখনওই কোনও ধরনের ভুয়ো তথ্য ছড়ায় না। তাঁর কথায়, “সত্যি বলতে কী, আপনারা যদি ভুয়ো তথ্যের কথাই বলেন, এর সেরা উদাহরণ হল প্রতিবেশী দেশটি। তারা নিয়মিত রং চড়ানো সব তথ্য আর ভুয়ো খবর ছড়িয়েই চলেছে।”
প্রতিবেশীর অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করার পাশাপাশি কূটনৈতিক চালে বাজিমাত করেন অনুরাগ শ্রীবাস্তব। তিনি পরিষ্কার করে দেন, ভুয়ো তথ্য ছড়ানোর কাজ তারাই করে যারা ওসামা বিন লাদেনকে লুকিয়ে রাখে। কিংবা ২৬/১১ মুম্বই হামলার চক্রান্তকারী হিসেবে নিজেদের ভূমিকা সকলের আড়ালে রাখতে চায়। প্রসঙ্গত, সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগেই এফএটিএফের (FATF) ধূসর তালিকায় ঢুকতে হয়েছে ইসলামাবাদকে। জঙ্গিদের ‘আশ্রয়দাতা’ পরিচয় লুকোতে বারবার নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করার চেষ্টা করেছে তারা। পালটা দেওয়ার সময় সেই অভিযোগই নতুন করে তুলে ধরে চাপ বজায় রাখল ভারত।





