দাদাগিরির (Dadagiri) মঞ্চে সৌরভের নানান মুড ফুটে ওঠে। প্রতিযোগিদের জন্য কখনও ঘটকালি আবার কখনও লাভগুরু তিনি। RJ প্রিয়াঙ্কা এবার হাজির দাদাগিরিতে ১০ এ। ফেসবুকে ভাইরাল হয় প্রিয়াঙ্কার ভিডিয়ো। পরীক্ষা থেকে প্রেম, সব বিষয়কেই নিজের মতো করে প্রকাশ করেন তিনি। কিন্তু দাদাগিরির মঞ্চে আফসোস করে বলেন প্রেমিক জুটছে না তার। তাই দাদাগিরির মঞ্চে প্রেমের খোঁজে হাজির হন। তাকেই প্রেমের টিপস দিলেন সৌরভ।
প্রিয়াঙ্কাকে দাদা জিজ্ঞেস করেন, ‘প্রেম করার চেষ্টা চলছে, হচ্ছে না?’ প্রিয়াঙ্কা বলেন, ‘কেউ পাত্তাই দিচ্ছে না’। এ কথা শুনে মহারাজের জবাব, ‘আসলে বুঝতে পারছে না। প্রেমের কথাটা একটু রোম্যান্টিক হয়ে বলতে হবে’।
সৌরভ গাঙ্গুলি যে প্রেমিক মানুষ তা বুঝতে বাকি নেই কারোও। পাশের বাড়ির মেয়ে ডোনার সঙ্গে গোপনে প্রেম, এমনকি পরিবারের কাছে গোপন রেখে বিয়েটাও সেরে ফেলেছিলেন সৌরভ। তাই লাভগুরুর অবতারে মাঝেমধ্যেই ধরা দেন তিনি। এর আগে ইসরোর বিজ্ঞানী শুভ্রদীপ আর মডেল তথা অভিনেত্রী কিরণকেও সম্পর্ক নিয়ে টিপস দিতে দেখা গিয়েছিল সৌরভকে।
প্রোমোতে স্পষ্ট দেখা যাচ্ছে, এপিসোডে ভিস্যুয়াল প্রশ্ন থাকছে। সেখানেই এক মেয়েকে দেখা যাবে মিস্টার ইন্ডিয়ার ‘হাওয়া হাওয়াই’-এর অবতারে। হাতে পালকের হলুদ হাতপাখা নিয়ে শ্রীদেবীর গানে স্টেপ ম্যাচ করলেন সৌরভ। যা দেখতে উৎসাহিত দর্শকরা।





