আর জি কর কাণ্ড নিয়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। এরই মধ্যে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছিল কলকাতা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে। টিএমসিপি না করলে হোস্টেলের সুবিধা মিলবে না, এমনটাই জানানো হয়েছিল এক ছাত্রীকে। এবার সেই ঘটনায় পদক্ষেপ করল মেডিক্যাল কলেজ।
জানা গিয়েছে, গত ১০ জুন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা মেডিক্যাল কলেজের সুপারকে ঘেরাও করে। তাদের অভিযোগ ছিল, কলেজের এক ছাত্রীকে বলা হয়েছে যদি টিএমসিপি না করে, তাহলে হোস্টেল সংক্রান্ত নানান সুবিধা দেওয়া হবে না তাঁকে। ফার্মাকোলজি, গাইনি, অ্যানাটমি ও কেমিস্ট্রির চার শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন ওই ছাত্রী। এও অভিযোগ ছিল, সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে হুমকিও দেওয়া হচ্ছিল।
এই ঘটনায় ওই ছাত্রী অধ্যক্ষের কাছে অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। গতকাল, শুক্রবার সেই কমিটি কলেজ কাউন্সিলের বৈঠকে রিপোর্ট পেশ করে। এতেই ওই চার শিক্ষক অর্থাৎ মেডিক্যাল কলেজের ডিন, হস্টেল সুপারসহ ৪ চিকিৎসক অধ্যাপকের দোষ প্রমাণ হয়।
এই চারজনের অপসারণের সুপারিশ করা হয় এদিনের বৈঠকে। সেই রিপোর্ট নিয়ে আলোচনা করতে কলেজ কাউন্সিল আজ, শনিবার ফের জরুরি বৈঠক করে। সেখানে ডিনসহ ৪ জনকে পদ থেকে সরানোর কথা জানানো হয়। এই চার শিক্ষকই কলেজের পঠনপাঠন বা শিক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে যুক্ত থাকতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক পদ থেকেও সরানো হয়েছে তাদের। তাদের বিরুদ্ধে আর কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখছে কলেজ কাউন্সিল।
বলে রাখি, আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের হত্নায় গোটা রাজ্য উত্তাল। চারিদিকে প্রতিবাদমুখর হয়েছে মানুষ। দোষীদের শাস্তির দাবী উঠেছে। ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমে চলছে বিক্ষোভ-আন্দোলন। এমন আবহে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমন ঘটনার কথা সামনে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়ায়।





