সন্দেশখালি নিয়ে রাজ্য ও রাজনীতি এই মুহূর্তে উত্তপ্ত। প্রায় দু’মাস হতে চলল খোঁজ মিলছে না শেখ শাহজাহানের। কোথায় লুকিয়ে রয়েছেন এই দাপুটে তৃণমূল নেতা, এখন সেই প্রশ্নই সমস্ত মহলে। পুলিশ কেন খোঁজ দিতে পারছে না শাহজাহানের? পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবী করলেন যে রাজ্য পুলিশসের ডিজিপি রাজীব কুমার শাহজাহানকে পালানোর বুদ্ধি দিয়েছেন।
গতকাল, বৃহস্পতিবার দুপুরে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন সুকান্ত মজুমদার। কিন্তু তাঁকে ধামাখালিতে আটকায় পুলিশ। তাঁকে বলা হয়, সন্দেশখালিতে এখনও কিছু জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই তিনি সেখানে যেতে পারবেন না। এই নিয়ে শুরু হয় বচসা।
এরপর পুলিশ তাঁকে জানায় যে তিনি একা সন্দেশখালি যেতে পারবেন। কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। সন্দেশখালি গিয়ে সুকান্ত দেখা করেন সেখানকার ধৃত বিজেপি নেতা বিকাশ সিংয়ের পরিবারের সঙ্গে। এরপর সেখান থেকে তিনি যান সন্দেশখালি থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করতে।
কিন্তু তাঁকে থানায় ঢুকতে দেওয়া হয়নি। এর ফলে তিনি থানার বাইরে বসেই অবস্থান বিক্ষোভ করে। কিছুক্ষণ পর পুলিশ এসে হটিয়ে দেয় তাদের। টেনেহিঁচড়ে সুকান্ত মজুমদার-সহ বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়া হয় ধামাখালির ঘাটের দিকে। সেই সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুকান্ত।
বিজেপির রাজ্য সভাপতির কথায়, “এসপি ও আইসির কল রেকর্ড খতিয়ে দেখলেই শাহজাহানের হদিশ মিলবে। আমার তো ধারণা রাজীব কুমারই ওঁকে পালানোর বুদ্ধি দিয়েছেন”। এই নিয়ে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েন নি তিনি। যদিও রাজীব কুমার দাবী করেছেন, কেউ অন্যায় করলে ছাড়া পাবে না। কিন্তু শাহজাহানকে আদৌ যবে গ্রেফতার করা যাবে, সে বিষয়ে কিছু জানান নি রাজ্য পুলিশের ডিজিপি।





