দেশে আগেই বন্ধ হয়েছিল ৫৯টি চীনা অ্যাপ, এবার কোপ পড়তে চলেছে আরও ২৭৫টি চীনা অ্যাপ এর ঘাড়ে, যার মধ্যে রয়েছে পাবজি! সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি ভারত নতুন করে ২৭৫টি চীনা অ্যাপের একটি খসড়া তালিকা তৈরি করেছে। এই অ্যাপগুলো দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করছে কিনা তা খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে গ্রাহকদের তথ্য নিরাপত্তা দিতে এই অ্যাপগুলো সক্ষম কিনা তাও খতিয়ে দেখবে কেন্দ্র। সাধারণত অ্যাপ গুলোর অধিকাংশই চীনা ইন্টারনেট কোম্পানি দ্বারা পরিচালিত।
জুন মাসে ৫৯ চীনা অ্যাপ বন্ধ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২৭৫টি অ্যাপ এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অ্যাপ হল বিখ্যাত গেমিং অ্যাপ পাবজি যা চীনা ইন্টারনেট কোম্পানি টেনসেন্ট দ্বারা পরিচালিত। এছাড়াও আছে শাওমি দ্বারা পরিচালিত জিলি, ই-কমার্স জায়ান্ট আলিবাবা পরিচালিত আলি এক্সপ্রেস, বাইট ডান্স পরিচালিত ইউ লাইক।
কেন্দ্র সূত্রে জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকার এই ২৭৫টি অ্যাপের সমস্ত ব্যান করে দিতে পারে, অথবা পরীক্ষার পর যদি দেখা যায় যে এই অ্যাপগুলো সমস্ত দিক দিয়ে সুরক্ষা দিচ্ছে তাহলে ব্যান নাও হতে পারে।
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবুও গোপন সূত্র মারফত জানা গিয়েছে যে কেন্দ্র থেকে আরও চীনা অ্যাপকে পরীক্ষা করা হচ্ছে। এদের মধ্যে কিছু অ্যাপ নিরাপত্তার স্বার্থে খতিয়ে দেখা হবে। আবার বাকিগুলোকে খতিয়ে দেখা হচ্ছে তথ্য শেয়ার করা ও গোপনীয়তা ভাঙার অভিযোগে।
সাধারণত চীনা কোম্পানির নিয়ম অনুযায়ী নিজের দেশের সঙ্গে অ্যাপগুলোকে বিভিন্ন তথ্য শেয়ার করতে হয়। এই ঘটনাই ভারতকে চিন্তায় ফেলেছে। কারণ এর ফলে দেশের গুরুত্বপূর্ণ তথ্য চীনে পাচার হয়ে যেতে পারে। বর্তমানে চীন ও ভারতের মধ্যে যে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়ে আছে তাতে এই ঘটনা অত্যন্ত আশঙ্কাজনক। সেজন্যেই ভারতের পক্ষ থেকে এই সকল অ্যাপগুলোকে খতিয়ে দেখা হচ্ছে যাতে এরা ভারতের কোন তথ্য চীনের হাতে তুলে না দিতে পারে।





