দেশে দ্বিতীয় বারের মতো ডিজিটাল স্ট্রাইক হল, বন্ধ করা হল ৪৭ চীনা অ্যাপ! সূত্র মারফত জানা গিয়েছে যে এই ৪৭টি অ্যাপ আগে বন্ধ হওয়া ৫৯ টি চাইনিজ অ্যাপের ক্লোন অ্যাপ হিসাবে কাজ করছিল।
জুন মাসের শেষে দেশে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ব্যান করা হয়েছিল টিকটক সহ মোট ৫৯ টি চাইনিজ অ্যাপ। তার পরেও বেশ কিছু অ্যাপ তাদের কাজ চালিয়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকার থেকে পুনরায় নির্দেশিকা জারি করে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে অ্যাপ বন্ধ না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেইমতো দিন কয়েক আগে বেশ কিছু অ্যাপের লাইট ভার্সন এর কাজও বন্ধ করে দেওয়া হয় ভারতে। এছাড়াও সম্প্রতি তালিকাভুক্ত করা হয়েছে ২৭৫টি অ্যাপকে যারা চীনা ইন্টারনেট কোম্পানি দ্বারা পরিচালিত হয়। এবার শুক্রবার ৪৭টি চীনা অ্যাপ বন্ধের নির্দেশিকা দিয়ে চীনকে ফের বিপাকে ফেলল ভারত।
২৯শে জুন কেন্দ্রীয় সরকার থেকে যে ৫৯টি অ্যাপ ব্যান করা হয় তার মধ্যে টিকটক, ক্যামস্ক্যানার, শেয়ারইট, ইউসি ব্রাউজার এর মত জনপ্রিয় অ্যাপগুলি ছিল। কেন্দ্রের অভিযোগ ছিল যে এই অ্যাপ গুলির মাধ্যমে চীনকে তথ্য পাচার করা হচ্ছে যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য আশঙ্কাজনক।
কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে অ্যাপ গুলি যদি কাজ চালিয়ে যায় তাহলে আইনের চোখে অপরাধ হবে। কোনভাবে যদি খোঁজ পাওয়া যায় যে অ্যাপ গুলি যে কোন রকম ভাবে ভারতে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ৬৯এ ধারায় মামলা দায়ের করা হবে।






