ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) অবশেষে তাদের প্রতীক্ষিত 5G পরিষেবার নাম ঘোষণা করল। এই নতুন পরিষেবার নাম রাখা হয়েছে BSNL Q-5G, যার পূর্ণরূপ Quantum 5G। আজ, ১৮ জুন ২০২৫, BSNL তাদের অফিসিয়াল X (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে এই ঘোষণা প্রকাশ করেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই নাম সংস্থাটি নিজে থেকে ঠিক করেনি। কিছুদিন আগে BSNL দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিল, তারা যেন তাদের 5G পরিষেবার জন্য একটি নাম প্রস্তাব করেন। সেই অংশগ্রহণমূলক প্রচার থেকেই নির্বাচিত হয়েছে “Quantum 5G” নামটি।
শুরু হল BSNL Q-5G
BSNL তাদের পোস্টে লিখেছে, “আপনারা নাম দিলেন, আমরা তা বাস্তব করলাম! সূচনা হল BSNL Q-5G – Quantum 5G-এর। এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটি শুধুমাত্র একটি পরিষেবা নয়, বরং আমাদের ভবিষ্যৎ গঠনের এক সম্মিলিত পদক্ষেপ।”
এই ঘোষণার সঙ্গেই BSNL-এর উত্তরপ্রদেশ (পূর্ব) শাখা চালু করেছে ‘Quantum 5G Fixed Wireless Access (FWA)’ পরিষেবা। এর বিশেষত্ব হল – এটি সিম ছাড়াই উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা দেবে। BSNL প্রতিশ্রুতি দিয়েছে, এই পরিষেবা হবে সম্পূর্ণ তারবিহীন ও নির্ভরযোগ্য।
তবে এই FWA পরিষেবা এখনই সাধারণ গ্রাহকদের জন্য নয়। এটি প্রাথমিকভাবে বাণিজ্যিক/ইন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য আনা হয়েছে। মাসে ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই 5G ভিত্তিক ইন্টারনেট পরিষেবার মূল্য। আপাতত নির্দিষ্ট কিছু শহরেই এই পরিষেবা উপলব্ধ হবে।
আরও পড়ুনঃ Kaliganj by Election update: কালীগঞ্জে জয়ের দোরগোড়ায় তৃণমূল! নবম রাউন্ডেও একতরফা এগিয়ে আলিফা আহমেদ!
BSNL Q-5G হল BSNL-এর নতুন যুগের পদক্ষেপ, যেখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে গ্রাহকদের সংযোগ ঘটানোই মূল লক্ষ্য। ভবিষ্যতে হয়তো ব্যক্তিগত ব্যবহারকারীরাও এই পরিষেবার আওতায় আসবেন।





