এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ডাউন ইনস্টাগ্রাম-ম্যাসেঞ্জার, গ্রাহকদের থেকে ক্ষমা চাইল ফেসবুক

কিছুদিন আগেই বিশ্বজুড়ে ব্যাহত হয় ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ। এবার এই একই সপ্তাহের মধ্যেই ফের কাজ করা বন্ধ করে দিল ফেসবুক মালিকানাধীন অ্যাপ ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার, ও ওয়ার্কস্পেস। আর এই কারণে তাই নিজেদের গ্রাহক ও অ্যাপ ব্যবহারকারীদের কাছে ক্ষমা চাইল ফেসবুক।

যেকোনও অ্যাপে যদি কোনও বিভ্রাট হয়, তাহলে তা ট্র্যাক করে ডাউনডেটেক্টর। সেই ডাউনডেটেক্টরের মাধ্যমেই দেখা যায় যে ফেসবুকের মালিকানাধীন ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গ্রাহকরা কোনও সমস্যায় পড়ছেন কী না। গতকাল এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়তে থাকে বেশি সংখ্যায়। এরপরই ফেসবুকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, “গত কয়েক ঘণ্টায় যে কেউ আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারেনি তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত”।

গতকালের এই আউটেজের সময় কিছু ব্যবহারকারী ইনস্টাগ্রাম ফিড লোড করতে পারছিলেন না। অনেকেই আবার ফেসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠাতে পারছিলেন না। এই নিয়েম চলতি সপ্তাহে দ্বিতীয়বার ডাউন হয়ে যায় ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার। আর নিয়ে বেশ কিছু মিম তৈরি হয় যা দ্রুত ছড়িয়ে পড়ে টুইটারে।

এক টুইটার ব্যবহারকারী লেখেন, “মনে হচ্ছে ফেসবুক এক সপ্তাহে মাত্র তিন দিন কাজ করে। সোমবার এবং শুক্রবার সংস্থা বন্ধ”? অন্য একজন টুইটার ব্যবহারকারী লেখেন, “ইনস্টাগ্রামে কি হচ্ছে”? আর একজন ব্যবহারকারী কার্টুন চরিত্র বার্ট সিম্পসনের একটি ছবি সহ টুইট করে ফেসবুককে তো খোঁচাও দেন। তিনি লেখেন, “৪ দিনও হয়নি এবং ইতিমধ্যে আবার ডাউন হয়ে গিয়েছে। ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ”।

ইনস্টাগ্রাম নিজেদের ব্যবহারকারীদের তাদের ধৈর্য ও যাবতীয় ‘মিম’-এর জন্য ধন্যবাদ জানায়। এদিকে ফেসবুকের তরফে বলা হয় যে শুক্রবার যে বিভ্রাট হয়েছিল তা গত সোমবারের বিভ্রাটের থেকে আলাদা। দুটো বিষয় সম্পর্কিত নয়। বলে রাখি, চলতি সপ্তাহের সোমবার প্রায় সাত ঘণ্টার জন্য ডাউন ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ।

RELATED Articles