চলে গেলেন ১৮৫ জন। ছেড়ে যাওয়ার পথে আর‌ও কয়েকশো, প্রমাদ গুনছে বাংলার স্বাস্থ্য পরিষেবা!

করোনাভাইরাসের ধাক্কায় এমনিতেই টালমাটাল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। এবার তার মধ্যেই তৈরি হলো আশঙ্কা। ইতিমধ্যেই বাংলা ছেড়েছেন বিভিন্ন হাসপাতালে কর্মরত মণিপুরের ১৮৫ জন নার্স। আগামী কয়েকদিনের মধ্যে আর‌ও কয়েকশো নার্স ওড়িশা, ত্রিপুরা এবং কেরালায় নিজের রাজ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর এই ঘটনার জেরে রীতিমতো প্রমাদ গুনছে রাজ্যের স্বাস্থ্য মহল। চিন্তাটা আরও বেড়েছে কারণ রাজ্যের ৬৮ টি হাসপাতালের মধ্যে ৫২টি হাসপাতাল‌ই বেসরকারি।

গত ৯ই মে মণিপুর সরকারের তরফে ‘ট্রানজট পাস’ জারি করে এ রাজ্যে কর্মরত ১৮৫ জন নার্স এবং আরও ১৩২ জনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। বিষয়টি নিয়ে মেডিকা হাসপাতালের চেয়্যারম্যান অলোক রায়ের কথায়, ‘দক্ষিণ কলকাতায় আমাদের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ৬০ শতাংশের বেশি নার্স অন‌্য রাজ্যের। মণিপুরের ৭০ জন ইতিমধ্যে ফিরে গিয়েছেন। এটা আমাদের জন্য গুরুতর পরিস্থিতি।’

কলকাতায় আমরি হাসপাতালগুলিতে ৯০০ জন জন নার্স কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে ৬০ শতাংশের বেশি নার্স উত্তর-পূর্ব ভারত, ওড়িশা এবং কর্নাটকের বাসিন্দা। রাজ্যের প্রথম বেসরকারি করোনা হাসপাতালে কর্মরত উত্তর পূর্ব-এর কয়েকজন ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছেন। বাকিরাও লকডাউনের পর নিজ রাজ্যে ফিরে যাবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষকে আগাম জানিয়ে রেখেছেন।

আমরি গ্রুপের সিইও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাস্টির হেলথ-কেয়ার চেয়ারম্যান রূপক বড়ুয়া জানিয়েছেন, ‘মণিপুরের অনেক নার্স ছেড়ে গিয়েছেন। আমরা ত্রিপুরার নার্সদের কাউন্সেলিং করছি এবং তাঁদের ছেড়ে যেতে বারণ করছি। কেরালা ও কর্নাটকে জোরদারভাবে নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য আমাদেরর মানবসম্পদ বিভাগকে নির্দেশ দিয়েছি। উত্তর-পূর্ব ভারতে যেহেতু মহামারীর কম প্রভাবে পড়েছে, সেহেতু সেখানকার নার্সরা বাড়িতে থাকতে সুরক্ষিত বোধ করছেন। কয়েকজন নার্স দাবি করেন, তাঁদের রাজ্যের হাসপাতালগুলিতে দৈনিক ১,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। দৈনন্দিন খরচের টাকাও দেওয়া হবে। পরিবারের সঙ্গে থাকতে পাশাপাশি বেশি টাকা মেলার প্রস্তাব দারুণ হওয়া উচিত।’ তিনি জানান, ত্রিপুরার কয়েকজন নার্স ইস্তফা দিলেও অধিকাংশই কিছু না জানিয়েই চলে গিয়েছেন।

শুধু মেডিকা বা আমরি নয়, রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত নার্সদের একটা বড় অংশই ভিনরাজ্যের বাসিন্দা। এঁরা মূলত উত্তর-পূর্ব ভারত, ওড়িশা, ত্রিপুরা থেকে তাঁরা এ রাজ্যে আসেন। পর্যাপ্ত সুরক্ষা সত্ত্বেও সম্প্রতি একের পর এক নার্স করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁরা বাড়ি ফিরতে উদগ্রীব হয়ে পড়েছেন বলেই আগেই আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষগুলি।

এদিকে একাধিক নার্স ও স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানোর ফলে বাকিদের দিয়ে কোনওক্রমে স্বাস্থ্য পরিষেবা জারি রাখা হয়েছে। এরইমধ্যে একসঙ্গে এতজন নার্স নিজ রাজ্য ফিরে গেলে কীভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, তা নিয়ে রাতের ঘুম উড়েছে স্বাস্থ্য মহলের।

RELATED Articles

Leave a Comment