মাত্র ১০ টাকাতেই ঘুরে বেড়ান গোটা শহর, ই-স্কুটার ভাড়া নিয়ে বেরিয়ে পড়ুন কলকাতা ভ্রমণে, এল এক দারুণ সুযোগ

ধীরে ধীরে পরিবেশ বান্ধব ই-স্কুটার আপন করে নিচ্ছে মানুষ। সেই ই-স্কুটারের উপর ভর করেই এবার কলকাতায় শুরু হল নতুন পরিষেবা। এবার ই-স্কুটার ভাড়া নিয়েই ঘুরে বেড়ানো যাবে গোটা শহর। এমনই উদ্যোগ নিল স্বচালিত একটি রেন্টাল ই-বাইক সংস্থা। এর ডকিং স্টেশন হল কলকাতার নানান পোস্ট অফিস ও ক্রসিং।  

এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। লাইসেন্স ছাড়াই ই-স্কুটারগুলি ভাড়া নিতে পারবেন। এর জন্য খরচ করতে হবে নুন্যতম ১০ টাকা। এই উদ্যোগ বাস্তবায়িত করার জন্য ৩০০টি ই-স্কুটার ব্যবহার করা হয়েছে।

৯টি ডকিং স্টেশন থেকে এই স্কুটারগুলি নিতে পারবেন। এই পোস্ট অফিসগুলি হল- দমদম, বিডন স্ট্রিট, ভবানীপুর, শরত বোস রোড, টলিগঞ্জ, নিউ আলিপুর, গড়িয়াহাট ক্রসিং, নাকতলা ক্রসিং এবং কসবা। এই পরিষেবা সকাল ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিলবে।

কীভাবে পাওয়া যাবে এই পরিষেবা?

জানা গিয়েছে, এই পরিষেবা পাওয়ার জন্য একটি মোবাইল অ্যাপ আনা হয়েছে। সেই অ্যাপে নিজের নাম, ছবি, মেইল ও পরিচয়পত্র দিয়ে নথিভুক্ত করতে হবে ইউজারকে। নথিভুক্ত হয়ে গেলে সেই অ্যাপেই দেখা যাবে নিকটবর্তী ডকিং স্টেশন। এই পরিষেবার বাইক আনলক করার জন্য একটি কিউআর কোড স্ক্যান করতে হবে।

সংস্থা সূত্রে খবর, ভ্রমণের মাঝে কেউ যদি থামতে চান, তাহলে অ্যাপে গিয়ে ‘পার্কিং’ অপশনে ক্লিক করতে হবে। ভ্রমণ শেষ হয়ে গেলে আবার ‘এন্ড রাইড’ অপশনে ক্লিক করতে হবে। এই পরিষেবার ই-স্কুটার পাওয়ার জন্য পেমেন্ট করতে একাধিক বিকল্প রয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মোবাইল ওয়ালেটের সাহায্যে পেমেন্ট করতে পারবেন ইউজার। ভ্রমণ শেষে যে কোনও একটি ডকিং স্টেশনে এই ই-স্কুটার ফেরত দেওয়া যাবে। 

কোন অ্যাপ ব্যবহার করতে হবে এই পরিষেবার জন্য?

প্রত্যেক বাইকে ট্র্যাক করার জন্য একটি সেন্সর রয়েছে। ই-স্কুটার অপারেটর পোস্ট অফিসের সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা শুরু করেছে। এই পরিষেবার পেতে গুগল প্লে স্টোরে থেকে Dabadigo নামক একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখান থেকেই ভাড়া নেওয়া যাবে এই ই-স্কুটার।

এই পরিষেবা পেতে কত খরচ হবে?

এই বাইকগুলি নুন্যতম ১০ মিনিট এবং সর্বোচ্চ ১ দিনের জন্য বুক করা যাবে। ১০ মিনিটের ভাড়া ১০ টাকা। কেউ যদি ১ ঘণ্টার জন্য ভাড়া নেন, তাহলে খরচ ৬০ টাকা। আর এই ই-স্কুটার গোটা দিনের জন্য ভাড়া নিতে গেলে খরচ করতে হবে ৩৩৩ টাকা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles