আশ্চর্য! পুকুরে জাল ফেলতেই অবাক কাণ্ড, মাছ নয়, জালে উঠল পঞ্চায়েত ভোটের আস্ত ব্যালট বক্স, চাঞ্চল্য করণদিঘিতে

বঙ্গে পঞ্চায়েত ভোট পর্ব মিটেছে দু’সপ্তাহ কেটে গিয়েছে। পঞ্চায়েত ভোটে কম অশান্তি দেখে নি রাজ্য। ব্যালট বাক্স নিয়েও বেশ শোরগোল পড়েছিল। এবার মৎস্যজীবীদের জালে জড়াল মাছ নয়, বরং আস্ত এক ব্যালট বাক্স। পুকুরে মাছ তোলার জন্য জাল ফেলতেই তাতে উঠে এল ব্যালট বাক্স। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘির বাজারগাঁও ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলুয়ায়।

ঠিক কী ঘটেছে ঘটনাটি?

জানা গিয়েছে, গতকাল, শুক্রবার বেলুয়ার একটি পুকুরে মাছ ধরতে নেমেছিলেন জেলেরা। জাল ফেলেছিলেন মাছ ধরার জন্য। সেই সময় জালে ওঠে একটি ব্যালট বাক্স। সেই বাক্সের গায়ে লেখা কেডিআই-২৫। ব্লক প্রশাসন সূত্রে খবর, ব্যালট বাক্স ছিনতাই হওয়ার অভিযোগে সেখানে নতুন করে ভোট হয়েছিল। তবে সেটি ছিল ২২৫ নম্বর বুথ। আর এখানে ব্যালট বাক্সে ২৫ লেখা থাকায় বেশ সন্দেহ তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাক্সটি বাজেয়াপ্ত করে পুলিশ।

এমন আকস্মিক ঘটনায় মৎস্যজীবীরা জানান, “আমরা প্রায়ই মাছ ধরি। শনিবারও ধরছিলাম। এদিন দেখি জাল বেশ ভারী। ভেবেছিলাম বড় কোনও মাছ রয়েছে জালে। তবে জাল তুলে দেখি একটি ব্যালট বাক্স”।

কী বলছে বিরোধীরা?

পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বেশ রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনায় বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন, “এরকম একটা নয়, জেলার অনেক ব্যালট বাক্স উধাও করে বিরোধী প্রার্থীদের হারানো হয়েছে”।

তবে এই নিয়ে বিরোধীদের সমালোচনায় তেমন আমল দিচ্ছে না ঘাসফুল শিবির। তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “উদ্ধার হওয়া ব্যালট বক্স পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। তারপর পুলিশ তদন্ত করলেই সব বেরিয়ে আসবে”।

অন্যদিকে এই ঘটনায় করণদিঘির বিডিও বলেন, “গোটা ব্লকে পাঁচটি বুথে পুর্ননির্বাচন হয়েছিল। তার মধ্যে বেলুয়ার ২৫ নম্বর বুথ ছিল। ভোটের দিন প্রিসাইডিং অফিসার অভিযোগ জানিয়েছিলেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত – তিনটি স্তরের ব্যালট বাক্সই কেউ ছিনতাই করে নিয়ে গিয়েছেন। বিষয়টি নিয়ে তখন পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু ব্যালট বাক্স পাওয়া যায়নি। পরে ১০ তারিখ তিনটি স্তরেই পুনর্নির্বাচন হয়েছিল। এখন যে ব্যালট বাক্স পাওয়া গিয়েছে, সেটি পুলিশকে জানানো হয়েছে। ব্যালট বাক্সটি এখন পুলিশের কাছে রয়েছে”।

RELATED Articles