বড় ঘোষণা করলেন জুকারবার্গ। এবার একটি WhatsApp অ্যাকাউন্টই খোলা যাবে চারটি ফোনে। নতুন ফিচার আনল WhatsApp। গতকাল, মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত জানায় মেটা অধীনস্থ মেসেজিং প্ল্যাটফর্ম।
কোনও ব্যবহারকারী যদি চান, তাহলে এই মাল্টি ডিভাইস ফিচারের মাধ্যমে তিনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিজের প্রধান ফোন বাদে অন্য কোনও ফোন থাকলে, তাতে খুলে ব্যবহার করতে পারবেন। আবার কেউ যদি চান, তাহলে কোনও ট্যাব বা কম্পিউটারেও সেই একই নম্বরের অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এই ফিচার চলে আসবে সকল গ্রাহকের কাছে। নতুন ফোনে অ্যাকাউন্ট সেটআপের সময় ব্যবহারকারীকে ফোন নম্বর দেওয়া এবং সাধারণভাবে লগ ইন করার বদলে, ‘link to existing account’ অপশনে যেতে হবে।
এরপর সেটিংসে ‘link a device’ অপশনের মাধ্যমে প্রাইমারি ফোনের WhatsApp অ্যাকাউন্টে স্ক্যান করার জন্য একটি QR কোড আসবে ব্যবহারকারীর ফোনে। নতুন এই ফিচার iOS এবং Android দু’টি ডিভাইসেই কাজ করবে।
প্রাইভেসি, নিরাপত্তা নিয়ে ব্যক্তিগত বার্তাগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা থাকে, আপনি মাল্টি-ডিভাইস বৈশিষ্ট্যটি ব্যবহার করছেন কী না তা নির্বিশেষে জানার জন্যই এই ব্যবস্থা।






