‘দলে গুরুত্ব নেই, দমবন্ধ হয়ে আসছে’, অভিষেকের জনসংযোগ সফরের আগেই তুফানগঞ্জে পদত্যাগ ৩২ তৃণমূল নেতার

জনসংযোগ যাত্রা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এরই মাঝে ঘটল বিপত্তি যাতে বেশ অস্বস্তিতে শাসক দল। দলে দমবন্ধ হয়ে আসছে, কোনও গুরুত্ব মিলছে না, এমন অভিযোগ তুলে গণইস্তফা দিলেন ৩২ জন তৃণমূল নেতা। এদের মধ্যে রয়েছেন অঞ্চল সাধারণ সম্পাদক, বুথ সভাপতি, ব্লক কমিটির সদস্য ও আরও অনেকেই। এই ঘটনায় বেশ শোরগোল পড়েছে তুফানগঞ্জে।

তৃণমূলের নবজোয়ার জনসংযোগ কর্মসূচির কারণে আজ, বুধবার তুফানগঞ্জে রাত কাটাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এর আগে গতকাল, মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের ধলপল-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা ৩২ নেতা-কর্মী পদত্য়াগ করেন। তা নিয়ে বেশ চাপানউতোর শুরু হয়েছে।

পদত্যাগ করা নেতাদের অভিযোগ, “দলে থেকেও পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না। দমবন্ধ হয়ে আসছে। যে পরিকাঠামো নিয়ে দল চলছে তা মেনে নিতে পারছি না। যারা এই এলাকার দায়িত্বে রয়েছে তাঁদের কাছে আমরা অবহেলিত ও বঞ্চিত”।

তাঁদের আরও সংযোজন, “তৃণমূলের ব্যর্থতার দায় নেব না। সাফল্যের ভাগও চাই না। তাই পদত্যাগ করছি”।

অন্যদিকে এই গণইস্তফা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে গেরুয়া শিবির। বিজেপির মণ্ডল সভাপতি যুগলকিশোর দাস বলেন, “তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধলপল এলাকা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তৃণমূল। মানুষ ওঁদের সঙ্গে নেই। তাই দল ছাড়ছে তৃণমূল নেতারা”।

তৃণমূল নেতাদের এই গণইস্তফার বিষয়ে ধলপল অঞ্চলের তৃণমূল সভাপতি পরিমল দাস জানিয়েছেন, “এ বিষয়ে এখনও কিছু জানি না। আমার কাছে পদত্যাগের কোনও খবর নেই। খবর নিয়ে জানাতে হবে”।

RELATED Articles