টেসলা নিয়ে যখন ভারতে বেশ রমরমা চলছে, ঠিক সেই সময় ভারতের বাজারে ধীরে ধীরে নিজের আধিপত্য বিস্তার করতে চলেছে Fisker Ocean। টেসলা ভারতে আসার আগেই ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে Ocean ইলেকট্রিক SUV। এই গাড়ির সেরা মডেলটি লঞ্চ করা হবে ভারতে। এই গাড়ির মাত্র ১০০টি ইউনিট বিক্রি করা হবে এ দেশে।
কবে থেকে শুরু হবে বিক্রি?
সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে এই গাড়ির ডেলিভারি। এই গাড়িটিতে রয়েছে বিশেষ সোলার চার্জিং প্রযুক্তি। এই গাড়ির গ্লাস রুফে রয়েছে ১২০০টি সোলার সেল। ফুল চার্জে ৭০৭ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই ইলেকট্রিক SUV।
কী কী ফিচার্স রয়েছে এই গাড়িতে?
এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে ১৭.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সামনে ও পিছনে উভয় জায়গাতেই রয়েছে হিটেড সিট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, ৩টি ড্রাইভিং মোড যার নাম আর্থ, ফান এবং হাইপার।
ব্যাটারি ও রেঞ্জ কেমন এই গাড়ির?
ফিস্কার ওসিয়ান গাড়ির টপ স্পেক ভেরিয়েন্টে ১১৩ কিলোওয়াট ব্যাটারি প্যাক ও ডুয়াল ইলেকট্রিক মোটর রয়েছে। যা সর্বোচ্চ ৫৭২ ব্রেক হর্সপাওয়ার এবং ৭৩৭ এনএম টর্ক তৈরি করতে পারে। সংস্থার দাবি অনুসারে, এই গাড়ি শূন্য থেকে ১০০ কিমি যেতে সময় লাগে মাত্র ৪ সেকেন্ড। সিঙ্গেল চার্জে ৭০৭ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে গাড়িটি।
কত দাম হতে পারে এই গাড়ির?
ভারত ছাড়া ইউরোপের একাধিক দেশে এই গাড়ি বিক্রি হয়। জার্মানিতে ফিস্কার ওসিয়ান ইভির দাম ভারতীয় মুদ্রায় ৬৪.৫ লাখ টাকা। তবে ভারতে এই দামে গাড়িটি লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশ কম। ভারতে এই গাড়ির দামের উপর নানা শুল্ক যোগ হওয়ার ফলে গাড়িটির দাম এক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।





