জোর করে টিকটকের মালিকানা নিচ্ছে আমেরিকা, যেটা একপ্রকার চুরি, হুঁশিয়ারি দিল চীন

এতদিন করোনা ভাইরাস নিয়ে আমেরিকার সাথে চীনের একটা বিবাদ জারি ছিল। যেখানে প্রতি মুহূর্তে চীনকে এই মারণ ভাইরাস ছড়ানোর জন্য দোষারোপ করেছে মার্কিন মুলুক। এবার টিকটকের মালিকানা নিয়েও দু-দেশের মধ্যে সমস্যা তৈরি হলো। যেখানে চীন দাবি করছে, আমেরিকা টিকটক কর্তৃপক্ষকে তাদের মালিকানা বিক্রি করতে বাধ্য করেছে। তাই চীনা সংস্থা বাইটডান্স (ByteDance) আমেরিকার কাছে টিকটকের মালিকানা ছেড়ে দিচ্ছে। আর এইভাবে কোনো সংস্থার থেকে জোর করে মালিকানা আদায় করা একপ্রকার ‘চুরি’, বলে জানিয়েছে বেজিং।

প্রসঙ্গত, রবিবার মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, তাঁরা আমেরিকা-সহ একাধিক দেশে টিকটকের মালিকানা নিয়ে চুক্তি করছে। সব ঠিকঠাক থাকলে চীনা সংস্থা বাইটডান্সের কাছ থেকে একাধিক দেশের টিকটকের মালিকানা কিনে নেবে মাইক্রোসফট। এই চুক্তিতে মধ্যস্ততাকারীর ভূমিকায় রয়েছেন স্বয়ংমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে এই চুক্তি হয়ে যাবে বলে জানা যাচ্ছে। মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, সংস্থার সিইও সত্য নাদেলা নিজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ট্রাম্প তাঁর সংস্থাকে চুক্তি সম্পুর্ন করার জন্য ৪৫ দিন সময়ও দিয়েছেন। এর অন্যথা হলে কড়া পদক্ষেপ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানাচ্ছে, আমেরিকার সরকার যেভাবে চীনের সংস্থার ওপর চুক্তি করার জন্য চাপ সৃষ্টি করছে, সেটা আসলে একপ্রকার চুরি। আর শুধু বাইটডান্সই নয়, হুয়েইয়ের মতো আরও অনেক চীনা সংস্থার সঙ্গেও তারা খারাপ আচরণ করছে। আসলে তাঁরা চীনের সাথে যে কোনো রকম আর্থিক লেনদেন রাখতে চায় না সেটাই বোঝানোর চেষ্টা করছে। তবে চীন সরকারও চাইলেই এর ‘বদলা’ নিতে পারে। আগে আমেরিকা চীনের থেকে প্রযুক্তির দিক থেকে উন্নত ছিল না তাই কিছুটা হলেও চীন আমেরিকাকে সামলে চলত। কিন্তু এখন চীনও প্রযুক্তির দিক থেকে আমেরিকাকে টক্কর দিতে প্রস্তুত।

তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক মহলের বক্তব্য, এই ঘটনার পর আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক আরও খারাপের দিকে যাবে।

আরও অন্যান্য খবর