বিজেপি নয় এবার তৃণমূল বিধায়কের মুখে ‘জয় শ্রী রাম’ শ্লোগান

ভুতের মুখে রামনামের মতো এবার তৃণমূল বিধায়কের মুখে শোনা গেল ‘জয় শ্রী রাম’ ধ্বনী। তবে কি তৃণমূল বিধায়ক দলবদল করছেন? এমন জল্পনা ঘিরে উত্তপ্ত শাসকদল। কারণ যে শ্লোগানকে তাঁদের দলনেত্রী গালাগালি হিসেবে মনে করেন সেখানে তাঁর দলে থেকে কিভাবে কেউ সেই শ্লোগান দিতে পারে!

আগামীকাল ৫ই অগাস্ট। রাজ্যে এই মাসের প্রথম সার্বিক লকডাউন। অন্যদিকে অযোধ্যা নগরীতে তখন রামমন্দিরের শিল্যান্যাস। রামভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল রামলালার মন্দিরের ভুমিপুজোর অনুষ্ঠান, উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইসময় ঘাটালের তৃণমূল বিধায়ক শংকর দলুই-এর মুখে শোনা গেল ‘জয় শ্রী রাম’ শ্লোগান।

জানা গেছে, রাখীর দিন বিকেলে ঘাটালে পতাকা হাতে ‘জয় শ্রী রাম’ ধ্বনী দিতে দিতে রাস্তায় সাধারণ মানুষকে রাখী পরিয়ে দিচ্ছিলেন কয়েকজন বিজেপি কর্মী। এমন সময় সেখানে এসে পড়েন বিধায়ক শংকর দলুই। এরপর তিনিও ‘জয় শ্রী রাম’ বলতে শুরু করেন। ঘটনাটি দেখে হতচকিত হয়ে যায় সবাই। এরপর পশ্চিম মেদিনীপুর জুড়ে উত্তেজনা ছড়ায়।

অবশ্য এ বিষয়ে ঘাসফুল শিবির জল্পনার গন্ধ পেলেও শংকরবাবুর বক্তব্য, ‘জয় শ্রী রাম’ ধ্বনীর ওপর শুধু বিজেপির অধিকার আছে নাকি? আমি একজন গর্বিত হিন্দু। তাই আমিও ‘জয় শ্রী রাম’ বলতে পারি। আর আমি খামোখা দলত্যাগ করতে যাবো কেন? আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ২ বার বিধায়ক করেছেন।

তবে সূত্রের খবর, কিছুদিন আগে ঘাটালের একটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শংকরবাবুকে। তার পর থেকেই নাকি বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। আর তার সাথে এই স্লোগান যেন তাঁর দলত্যাগের দিকেই ইঙ্গিত করছে।

আরও অন্যান্য খবর