রেলপথেই রক্তস্নান! পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, যাত্রীদের বন্দি করে তাণ্ডব জঙ্গিদের!

রাতে ট্রেনে সফর করা মানেই জানলার পাশে বসে গল্প করা, সঙ্গীদের সঙ্গে সময় কাটানো বা একঘেয়ে চলন্ত দৃশ্য দেখে ঘুমিয়ে পড়া। কিন্তু কখনও ভেবে দেখেছেন, ট্রেনযাত্রা যদি আচমকা দুঃস্বপ্নে পরিণত হয়? যখন চারপাশ থেকে গুলি চলতে থাকে, ভয় আর আতঙ্ক গ্রাস করে সকলকে! পাকিস্তানে মঙ্গলবার রাতে ঠিক এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন শতাধিক যাত্রী।

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোওয়ার পেশোয়ারগামী একটি ট্রেনে যাত্রা করছিলেন অসংখ্য সাধারণ মানুষ। কাজের উদ্দেশ্যে বেরনো ব্যক্তি, পরিবারের সঙ্গে সফরে যাওয়া মানুষজন— প্রত্যেকেই নিশ্চিন্তে ছিলেন। কিন্তু হঠাৎই শুরু হয় এক ভয়ংকর পরিস্থিতি। যা ট্রেনে থাকা যাত্রীদের জীবনে এক বিভীষিকার স্মৃতি হয়ে রয়ে গেল।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কোয়েত্তা থেকে পেশোয়ারগামী জ়াফর এক্সপ্রেস ট্রেনটি যখন পেহরো কুনরি এবং গাদালর মধ্যবর্তী পাহাড়ি এলাকায় পৌঁছয়, তখনই সশস্ত্র জঙ্গিরা ট্রেনটি আক্রমণ করে। মুহূর্তের মধ্যেই বুলেটের আওয়াজ ছড়িয়ে পড়ে, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আততায়ীরা ট্রেনে ঢুকে একাধিক বগি নিজেদের দখলে নেয় এবং অন্তত ১০০ জন যাত্রীকে বন্দি করে। যাত্রীদের পাশাপাশি ট্রেনের নিরাপত্তারক্ষীদেরও জিম্মি করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ট্রাম্পের নিষেধাজ্ঞার শুরু? পাক রাষ্ট্রদূতকে আমেরিকায় ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র!

এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বালোচ ন্যাশনাল আর্মি’। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বালোচিস্তানের এই পাহাড়ি অঞ্চলগুলিতে আগে থেকেই বিদ্রোহীদের দাপট ছিল। দীর্ঘদিন ধরেই তারা সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছে উদ্ধারকারী দল, কিন্তু পাহাড়ি এলাকা হওয়ায় যোগাযোগ করা কঠিন হয়ে উঠছে। পাকিস্তানের কন্ট্রোলার রেলওয়েজ মুহম্মদ কাশিফ জানিয়েছেন, ওই ট্রেনে ৯টি বগি ছিল এবং মোট ৫০০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

এই হামলা আবারও প্রমাণ করল, পাকিস্তানের বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোওয়া অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সঙ্কটের মুখে। দীর্ঘদিন ধরেই এই দুই প্রদেশে গোষ্ঠী সংঘর্ষ, জঙ্গি কার্যকলাপ চলছে। কোয়েত্তা-পেশোয়ার রেল পরিষেবা বহু বছর বন্ধ থাকার পর গত বছর অক্টোবরে চালু হয়েছিল। কিন্তু এই হামলার পরে ফের পরিষেবা বন্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী অভিযানে নেমেছে, তবে যাত্রীদের ভাগ্যে কী ঘটতে চলেছে, তা এখনও অজানা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles