সকাল সকাল শহরে ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। কলকাতায় এবার জঙ্গি হানা তাও আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। হুলস্থূল কাণ্ড ভিক্টোরিয়া চত্বর জুড়ে। ভারতীয় সেনা, নৌ-বাহিনী, এনএসজি-র কম্যান্ড মুড়ে ফেলল গোটা ভিক্টোরিয়া চত্বর। জওয়ানদের রুদ্ধশ্বাস অভিযানে চলল গুলিও। তারপর যা হল…
ভিক্টোরিয়াতে প্রাতঃভ্রমণে যান অনেকেই। শীতের সকালে বেশ ভালোই আবহাওয়া ছিল। কিন্তু হঠাৎই যেন আবহাওয়া গরম হয়ে উঠল। শোনা গেল, ভিক্টোরিয়াতে জঙ্গিরা হানা দিয়েছে। একাধিক প্রাতঃভ্রমণকারীদের আটক করেছে তারা। তাদের মধ্যে বেশ কিছু ভিআইপি রয়েছে।
একথা জানার পরই গোটা ভিক্টোরিয়া চত্বর ঘিরে ফেলে সেনাবাহিনী। এমন খবর পাওয়া মাত্রই এলাকা ছেড়ে দৌড় দিলেন কয়েকজন। আবার কয়েকজন রয়ে গেলেন এই দুর্ধর্ষ লতাই দেখার জন্য। ভিক্টোরিয়ার ভিতরে তখন চলছে এক রুদ্ধশ্বাস পর্ব। সাউথ গেট দিয়ে ভিক্টোরিয়ায় প্রবেশ করলেন সেনা জওয়ানরা। হাতে বন্দুক উঁচিয়ে এগিয়ে গেলেন তারা।
ভেতর থেকে সেনারা খবর পাঠাল ভিক্টোরিয়ার মধ্যে এক ভিআইপি প্রাতঃভ্রমণকারীকে আটক করে রেখেছে ৮ জঙ্গি। শুরু হল জওয়ানদের অপারেশন। সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত চলল অপারেশন। চলল গুলিও। ভিক্টোরিয়ার মূর্তির আড়ালে জঙ্গিরা এমনভাবে লুকিয়ে ছিল যে তাদের বাগে আনতে বেশ বেগ পেতেই হয়েছে সেনা জওয়ানদের।
তবে টানটান সেই উত্তেজনার মধ্যে সাফল্য পেলেন জওয়ানরাই। প্রথমেই ৬ জন জঙ্গিকে কব্জা করে ফেলেছিলেন তারা। পরে বাকি দু’জনকেও পাকড়াও করেন। শেষ হয় এই রুদ্ধশ্বাস অপারেশন। ভিআইপি সেই প্রাতঃভ্রমণকারী-সহ বাকিদেরও উদ্ধার করেন জওয়ানরা। হাঁফ ছেড়ে বাঁচেন সকলে। কিন্তু প্রশ্ন উঠছে ভিক্টোরিয়ায় সেনা প্রহরায় থাকে। তাদের নজর এড়িয়ে কীভাবে সেখানে ঢুকল জঙ্গিরা?
এর জবাব স্পষ্ট হয় সেনা কর্তা প্রদীপ অগ্নিহোগ্রীর কথায়। তিনি জানান, “এটা আসল কোনও জঙ্গি হানার ঘটনাই নয়। এটি একটি মক ড্রিল অর্থাৎ নকল অভিযান। হঠাৎ করে জঙ্গি হানা ঘটলে কীভাবে মোকাবিলা করতে হয়, তার মহড়ার জন্যই এই আয়োজন করা হয়েছিল”।
আসলে ১৪ বছর আগে ২৬ নভেম্বর মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলে জঙ্গি হানার স্মৃতি এখনও দগদগে ভারতীয়দের মনে। পাকিস্তানের মদতেপুষ্ট লস্কর জঙ্গিদের তিনদিন ধরে হামলায় মৃত্যু হয়েছিল ৩০ জনেরও বেশি মানুষের। অনেক চেষ্টার পর অপহৃতদের উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই প্রতি বছর নভেম্বর মাসে ভারতীয় সেনার তরফে এমন জঙ্গি হানা অভিযানের মহড়ার আয়োজন করা হয়। এবার সেই মহড়া করা হল কলকাতার ভিক্টোরিয়ায়।





