রবিবার রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। শেষ দফার ভোট পর্বে রাজ্যের ৯ টি লোকসভা কেন্দ্রে হতে চলেছে নির্বাচন৷ এই ৯ টি লোকসভা নির্বাচন কেন্দ্র হলো দমদম, বারাসাত, বসিরহাট, উত্তর এবং দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার, জয়নগর, যাদবপুর এবং মথুরাপুর৷
এই নয়টি লোকসভা নির্বাচন কেন্দ্রে এবারে মোট ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করছে নির্বাচন কমিশন। সঙ্গে প্রতিটি থানায় থাকছে ২ টি করে কুইক রেসপন্স টিম। মোট ৪৪৪ কোম্পানি কিউআরটি মোতায়েন থাকছে৷ ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পর প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে।
প্রসঙ্গত, রাজ্যে সমস্ত দফার ভোটেই দেখা গিয়েছে যথেষ্ট উত্তেজনা, অসন্তোষ। তাই শেষ দফার ভোটে কড়া নিরাপত্তার কথা আগেই জানানো হয়েছিল নির্বাচন কমিশন সূত্রে। সন্দেহভাজনদের আটক করা ছাড়াও নির্বাচন কমিশন নিয়েছে স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এবং এডিজি সিআইডি রাজীব কুমারকে সরানোর মতো সিদ্ধান্ত। কিন্তু তাতে হিংসা, উত্তেজনা, অসন্তোষ কতোটা রোখা যাবে তা বলা দায়৷





