সাত সকালে বাড়ি বাড়ি ঘুরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম করে নেওয়া কাটমানি ফেরত দিলেন এক তৃণমূল নেতা। দলীয় নেত্রীর নির্দেশ রয়েছে কাটমানি ফেরত দেওয়ার। আর তাই এদিন বাড়ি বাড়ি ঘুরে কাটমানির টাকা ফেরত দিলেন সেই তৃণমূল নেতা।
ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল এলাকায়। অভিযোগ, একসময় প্রধানমন্ত্রী আবাস যোজনায় নামে গ্রামের প্রায় ২৫ জন উপভোক্তার নিকট থেকে পরিবার পিছু ৪ থেকে ১০ হাজার টাকা করে কাটমানি নিয়েছিলেন সেখানকার স্থানীয় তৃণমূল নেতা অরুণ গড়াই।
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিলে এলাকাবাসী ঘেরাও করে সেই নেতার বাড়ি। সেসময় অরুণ গড়াই আশ্বাস দেন যে, কিছুদিনের মধ্যেই তিনি কাটমানির টাকা ফেরত দিয়ে দেবেন। আর সেই কথা মেনেই আজ সাত সকালে বাড়ি বাড়ি গিয়ে সেই কাটমানির টাকা ফেরত দিয়ে আসেন তৃণমূল নেতা অরুণ গড়াই।