আগামী বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার মাঝে কি অন্তরায় হয়ে দাঁড়াবে করোনা! তাই করোনার মোকাবিলা করেই এবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। টার্গেট একুশের বিধানসভা। এই প্রস্তুতিতে দলের সেনাপতিত্ব করবেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘আত্মনির্ভর ভারত’ নাম দিয়ে একটি ভার্চুয়াল জনসভার ডাক দিয়েছে বঙ্গ বিজেপি।
একুশের বিধানসভা ভোটের আর কয়েকমাস বাকি। পুরসভার ভোট তো করোনার জেরে স্থগিত রয়েছে। আর এই হাতে গোনা কয়েক মাসেই বাংলার হাওয়াকে একটু বুঝে নিয়ে নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলতে হবে। করোনার জেরে দেশে এখন জনসমাবেশ বন্ধ। তাই মানুষের কাছে পৌঁছাতে একটাই রাস্তা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। তাই আর বেশি সময় নষ্ট না করে এবার ময়দানে নামতে চলেছে রাজ্য বিজেপি। আগামী ৯ই জুন বঙ্গ বিজেপি তথাকথিত ‘বিগ্রেড চলো’ র ডাক দিয়েছেন ভার্চুয়ালি। যেখানে বক্তব্য রাখবেন স্বয়ং অমিত শাহ।
বঙ্গ বিজেপির দাবি অমিত শাহ-র এই ভার্চুয়াল সভায় প্রায় ১০ লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন। ফেসবুক, টুইটার, ইউটিউবের সাহায্য নিয়ে এই বিশাল জনসমাবেশের আয়োজন করা হচ্ছে। বিজেপির আইটি সেল সব প্রস্তুতি সেরে ফেলেছে। এবার শুধু আগামীকাল সকাল ১১টার অপেক্ষা।
সম্প্রতি বিহারেও শাহ এক ভার্চুয়াল সভার আয়োজন করেছিলেন। সেখানে মোদী সরকার ২.০-র সাফল্য তুলে ধরাই ছিল জনসভার মূল উদ্দেশ্য। এবার সেরকমই সভার আয়োজন এই বাংলার বুকেও। উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং সাফল্যের কথা তুলে ধরা এবং বর্তমান রাজ্য সরকারের খামতি গুলি সবার সামনে প্রকট করা। এর আগেই অবশ্য রাজ্য সরকারের ব্যর্থতাকে তুলে ধরে ৯ দফার চার্জশিট পেশ করেছে বঙ্গ বিজেপি।
অমিত শাহ-র এই ভার্চুয়াল জনসভার মূল বক্তব্য হবে মমতা সরকারের সমস্ত ভুলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া। চলতি করোনা সংক্রমণ থেকে আমফান পরিস্থিতিতে কেন্দ্রর পূর্ণ সহযোগিতা এবং রাজ্য সরকার ব্যর্থতার কথা উঠে আসতে চলেছে এই জনসভায়। শুধু তাই নয় পরিযায়ী শ্রমিকদের ট্রেন রাজ্যে আসতে বাঁধা দেওয়া এবং সবর্পরি সিএএ-র ইস্যুও তুলে ধরতে চলেছে দিলীপ ঘোষেরা।





