প্রয়োজন হলে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ১০০ শতাংশ বুথকেই স্পর্শকাতর ঘোষণা করতে হবে। কোনও বুথ থেকে যাতে কোনওরকমের অভিযোগ না আসে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফরে এসে এমনই কড়া নির্দেশ দিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচনের কমিশনার সুদীপ জৈন। এর সঙ্গে তিনি এও বুঝিয়ে দিলেন যে রাজ্যে সুষ্ঠুভাবেই নির্বাচন করতে উদ্যোগী দিলি নির্বাচন কমিশন।
গতকাল বৃহস্পতিবার, রাজ্য সফরে এসে দক্ষিণবঙ্গের পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন সুদীপ জৈন। তাছাড়া, এই ‘নিউ নরম্যাল’ সময়ে কীভাবে সবদিক ঠিক রেখে নির্বাচন করা যায়, এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের এক সিনিয়র অফিসার জানান, “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে কমিশন। কোনও এলাকায় কারা গণ্ডগোল পাকাচ্ছে, তা নিয়ে জেলাগুলিকে এখনই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে”।
তবে অন্যান্যবারের তুলনায় এই বারের পরিস্থিতি আলাদা। করোনা পরিস্থিতিতে এই রাজ্যে বিহার মডেলে ভোট হবে বলে জানা গিয়েছে। বিহারে কীভাবে ভোট পরিচালনা হয়েছে, তা জানার জন্য বিহারের সিইও এইচ আর শ্রীনিবাসের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা। সমস্ত করোনার সুরক্ষাবিধি মেনে কীভাবে ভোট পরিচালনা হবে, তা নিয়ে চলে আলোচনা।
তাছাড়া, ভোটার তালিকা প্রস্তুতি নিয়ে বুথ লেভেল অফিসারদের সঙ্গে যাতে কোনও রাজনৈতিক বিরোধী দলের সংঘাত না হয় সেদিকেও মুখ্যসচিব ও প্রশাসনকে খেয়াল রাখতে বলা হয়েছে। পরিযায়ী শ্রমিক ও নদী ভাঙনের ফলে যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে, তারাও যেন ভোটার তালিকায় স্থান পান, তা নিশ্চিত করতে বলেছেন সুদীপ জৈন। রাজ্য সরকার যে সবরকম দিক থেকে ডেপুটি নির্বাচন কমিশনকে সাহায্য করবে, এমন আশ্বস্তও দেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এদিন বিকেলে নানান রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক করেন সুদীপ জৈন। এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভের কথা উগড়ে দেন। বলেন, বিরোধী দল কথায় কথায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। সকলের নিজের পরিবৃত্তের মধ্যে থাকা উচিত বলে মনে করেন তিনি।
অন্যদিকে, অভিযোগ আসে বিজেপির দিক থেকেও। এদিন ডেপুটি নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বিজেপির ভারতী ঘোষ, শিশির বাজোরিয়া ও সব্যসাচী দত্ত। আজ, শুক্রবার উত্তরবঙ্গে যাবেন সুদীপ জৈন। রাজ্য সফরের পর কমিশন দফতরে রিপোর্ট জমা করবেন তিনি। এরপরই রাজ্যে আসবে নির্বাচন কমিশনের গোটা বেঞ্চ।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!