একের পর এক সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, পুড়ে ছাই লাইন দিয়ে সমস্ত দোকান, ভয়াবহ পরিস্থিতি নিউটাউনে

ভোররাতে তখন চারিদিক প্রায় কুয়াশায় ঢাকা। সকলেই শীতের রাতে ঘুমোচ্ছেন। এমন সময়ই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। শনিবার ভোররাতে লাইন দিয়ে আগুন ধরে গেল একের পর এক দোকানে। পুড়ে ছাই সমস্ত দোকান। ঘটনাটি ঘটেছে নিউটাউনের মৃধা মার্কেটে।

স্থানীয় সূত্রে খবর, এলাকার লোকজন খালপাড়ের একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পান। এরপরই ছড়িয়ে পড়ে সেই আগুন। পরপর ১২টি অস্থায়ী দোকান পুড়ে ছাই হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।

অস্থায়ী দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিমেষের মধ্যে আগুনের লেলিয়ান শিখা গ্রাস করে একের পর এক ১০ থেকে ১২ টি দোকানে। এলাকার লোকজনই খবর দেন দমকলে। তিনটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। সকাল সাড়ে ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় ওইসব দোকানের মালিকরা প্রায় সর্বস্ব খোয়ালেন। দোকানের সমস্ত জিনিস পুড়ে গিয়েছে। দমকলের অনুমান, যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ বাঁশ, প্লাই, দিয়ে এই অস্থায়ী দোকানগুলো তৈরি সেই কারণে আগুন দ্রুত ছড়িয়েছে।

জানা গিয়েছে, একটি খাবারের দোকানের সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। এরপর তা পাশাপাশি দোকানগুলিতে ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় এক দমকল কর্মী জানান, “আগুন জ্বলার পর যেহেতু খবর পাই সেই কারণে বলা মুশকিল ঠি কী থেকে আগুন লেগেছে। এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা চারটে নাগাদ খবর পাই। এলাকাবাসী বলছে ১২টা দোকান পুড়ে গিয়েছে। তার আগে এলাকাবাসী আরও যে সকল দোকান ছিল সেই দোকানগুলির যাতে ক্ষতি না হয় সেই জন্য জল দিতে শুরু করে। এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে”।

RELATED Articles