এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে গতকাল কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে চোপড়ার সোনাপুর এলাকা। অবরুদ্ধ হয় জাতীয় সড়ক। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি, বোমাবাজি। পরপর গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
আর আজ পুলিশ জানাল উত্তর দিনাজপুরের চোপড়ায় কিশোরীর মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে, দেহের বাইরে বা ভিতরে আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের রিপোর্টে এই উল্লেখ করা হয়েছে বলে দাবি করল পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনই নয়। দেহের কিছু অংশের রাসায়নিক পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফলাফল এলে পাওয়া যাবে চূড়ান্ত রিপোর্ট।
একই সঙ্গে চোপড়া কাণ্ডে মৃত কিশোরীর দেহ নিয়ে বিজেপির মিছিলে বাধা দেয় পুলিশ। ৩১ নম্বর জাতীয় সড়কে বিজেপি নেতাদের গাড়ি আটকায় তারা। গতকাল এই ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশি নিগ্রহ সহ একাধিক অভিযোগে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।





