গত কয়েক মাস ধরে করোনায় বিধ্বস্ত গোটা বিশ্ব। মৃত্যু ছিনিয়েছে লক্ষাধিক প্রাণ। করোনার করাল প্রকোপে দুনিয়া স্তব্ধ, মানুষ আতঙ্কে দিশাহারা ও অসহায়। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় সরকার দেশজুড়ে গত ২৫শে মার্চ থেকে ঘোষণা করেছে লক ডাউন, লক-ডাউনে সমস্ত কিছু বন্ধ; কর্মহীন দেশ তথা রাজ্যের একটা বড় অংশ।

যাঁরা দিন-আনি-দিন-খায়, প্রতি দিনের মজুরিতে যাদের খাদ্য জোগাড় হয়; কাজ না থাকায় অভুক্ত রয়েছে এইসব পরিবার। অভুক্ত রয়েছে সেসব পরিবারের ছোট ছোট শিশুরাও।

তাই এই দুর্বিসহ সঙ্কটের সময় অসহায় শিশুগুলির পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে ট্রাস্ট ফর চাইল্ড অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট ইন্ডিয়া-র সমাজ সেবামূলক সংস্থা ‘উপলব্ধি’। তাঁদের পক্ষ থেকে গতকাল মালদা জেলার সাগরদিঘী অঞ্চলে প্রায় পাঁচশো শিশুকে দুপুরের আহার প্রদান করা হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই লকডাউনের মধ্যে এর আগেও মালদার বেশকিছু গ্রামে তাঁরা এই ধরনের সেবামূলক আয়োজনের ব্যবস্থা করেছিলেন। আগামী কয়েক দিনেও তাঁদের এইরকম বেশকিছু আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং মানুষের সাহায্য পেলে ভবিষ্যতে তাঁরা পুরো মালদা জুড়ে এই ধরনের আরও অনেক কাজ করতে চান বলে আশা প্রকাশ করেছেন।

সেই সঙ্গে তাঁদের ইচ্ছে এই সমাজসেবামূলক কর্মকাণ্ড শুধুমাত্র মালদা জেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো রাজ্যে আরও বেশি করে এই ধরণের কাজকে ছড়িয়ে দেওয়ার। তাঁদের এই দৃষ্টিভঙ্গিকে ‘খবর ২৪x৭’-এর কুর্নিশ।






