বাংলায় বিধানসভা ভোট নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে! ভোট প্রস্তুতি নিয়ে মোট দু’বার ইতিমধ্যেই মুখ্য নির্বাচন আধিকারিক জেলাশাসকদের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন। আর এবার পাঁচদিনের বঙ্গ সফরে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন।আর এই পাঁচদিনের বঙ্গ সফরের প্রথম দিনেই নির্বাচন কমিশনের নজরে আগামী বিধানসভা ভোটে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই বিষয়ে কার্যত কড়া বার্তা দিয়ে দিয়েছেন বৃহস্পতিবারের ডিএম-এসপিদের সঙ্গে হওয়া বৈঠকেই। জানুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসতে পারে রাজ্যে ৷ তার আগেই যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে ৷ বার্তা ডেপুটি ইলেকশন কমিশনারের ৷
‘‘জানুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসতে পারে রাজ্যে ৷ তার আগেই যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখুন ৷’’ এমনটাই বার্তা দিয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার।
বৃহস্পতিবার ডেপুটি চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে বৈঠকে বিহারের চিফ ইলেকশন অফিসার ছিলেন ভিডিও কনফারেন্স মারফত। করোনা পরিস্থিতিতে কী ভাবে বিহার নির্বাচন পরিচালনা করেছে সেই বিষয়ে বাংলায় বিহারের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা এই দিনের বৈঠকে ডিএম- এসপি-দের জানানো হয় বলে খবর। করোনা পরিস্থিতির পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজর দেওয়া হয় এই দিনের বৈঠকে। সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশন।





