দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। ৪-৫ মাস পরই বাংলায় ভোট উৎসব।
একদল মরিয়া গদি ছিনিয়ে নিতে অন্যদল গদি বাঁচাতে। জোরদমে চলছে দল ছাড়াছাড়ি, দল ধরাধরি। এই সবের মধ্যেই এবার বাড়ছে শাসক-বিরোধী আক্রমণ-পালটা আক্রমণের ঝাঁঝ।
সেই লড়াইয়ের ছোঁয়া এবার লাগল টি-শার্টেও। ভোটের লড়াইয়ের উত্তাপ বাড়িয়ে বাজার ছেয়ে গেল তৃণমূলের ‘সব বেচে দে’র আর বিজেপির ‘যমের দুয়ারে সরকার’ টি-শার্ট!
সেই টি-শার্টেই এবার লড়াইয়ের ময়দানে তৃণমূল-বিজেপি সমর্থকেরা।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায় যখনই থাকেন তখনই প্রাতঃভ্রমণে নিউটাউনের ইকো পার্কে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরাও। প্রত্যেকেরই পরনে ছিল একটি করে টি-শার্ট। আর তার পিঠেই লেখা ছিল ‘যমের দুয়ারে সরকার’।
তাৎপর্যপূর্ণ ভাবে কয়েকদিন আগেই, বিজেপি রাজ্য সভাপতির প্রাতঃভ্রমণের সময় ‘সব বেচে দে’ টি-শার্ট পরে ইকো পার্কে দেখা গিয়েছিল তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের। তারই পালটা হিসাবে ‘যমের দুয়ারে সরকার’ টি-শার্টকেই হাতিয়ার করেছে গেরুয়া শিবির।





