Covid19 Crisis: হাওড়া জেলা হাসপাতালে করোনোয় মৃত আরো ১, রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৬

করোনা ধীরে ধীরে দেশে নিজের জাল বিস্তার করেছে। তার প্রভাব থেকে কোনো রাজ্যই সুরক্ষিত নয়। এবার হাওড়া জেলা হাসপাতালে করোনার জেরেই মৃত্যু হল এক ব্যক্তির। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এসএসকেএম-এ পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ আসে। তবে রিপোর্ট এসে পৌঁছায় গতকাল রাতে। আর তার আগেই গতকাল দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়।

সূত্রের খবর, মৃত ব্যক্তি সদ্যই উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে ফিরেছিলেন। তারপর তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, তাই নিয়ে খোঁজখবর চলছে। হাওড়া জেলা হাসপাতালে যে সব চিকিত্‍সক ও নার্স ওই ব্যক্তির চিকিত্‍সায় যুক্ত ছিলেন, তাঁদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়েছে। এই নিয়ে রাজ্যে তিনজন করোনা আক্রান্তের মৃত্যু হল।

এর পাশাপাশি রাজ্যে নতুন ৩ জন করোনা আক্রান্তের হদিশও পাওয়া গেল। তিনজনের মধ্যে ২ জনের নমুনা এসএসকেএম হাসাপাতালে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। দুজনের ক্ষেত্রেই রিপোর্ট পজিটিভ। তৃতীয়জন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। ৩২ বছরের এই ব্যক্তির রিপোর্টও পজিটিভ এসেছে। তাঁকে এখন ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬।

RELATED Articles

Leave a Comment