করোনার জেরে নাজেহাল পশ্চিমবঙ্গ। দিন প্রতিদিন রাজ্যে সংক্রমনের সংখ্যা যেন আকাশ ছুঁয়েছে। বৃহস্পতিবার ফের বাড়ল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যে ৪৪০ জন নতুন করোনা আক্রান্তের হদিস পাওয়া গেছে। যার ফলে বর্তমানে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৭৬৮ জন। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে আরও ১০। যার চলতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪২। তবে আক্রান্তদের মধ্যে প্রায় ৪০.৮২ শতাংশ মানুষ ইতিমধ্যে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রায় ৩ লক্ষ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এদিন মোট আক্রান্তদের মধ্যে ১১৭ জনই কলকাতার। এছাড়াও রয়েছে উত্তর ২৪ পরগনার ৬৭ জন, হাওড়ার ৪৪ জন। পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান বাদে রাজ্যের সমস্ত জেলা থেকেই এদিন করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে।
পাশাপাশি এদিন মোট ২০৯ জন সুস্থ হয়ে নিজেদের বাড়ি ফিরেছেন। যাদের মধ্যে ৮২ জন কলকাতার বাসিন্দা।পশ্চিমবঙ্গে এখনো করোনার জেরে চিকিৎসাধীন রয়েছেন ৫,৩৩৮ জন। গত ২ দিন পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার একটু কম ছিল। তাতে অনেকের মনে হয়েছিল এই বুঝি রাজ্যে সংক্রমনের হার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এদিন ফের ঊর্ধমুখী হল করোনার গ্রাফ।





