করোনার জেরে বন্ধ হয়ে গেছিল ক্রিকেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। এবার খুব শীঘ্রই শুরু হতে চলেছে সেই আইপিএল। বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ আইপিএল অনুষ্ঠিত করা নিয়ে আলোচনা চলছে। এবার অপেক্ষার অবসান হতে চলেছে আইপিএল প্রেমীদের জন্য। যদিও অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজিত হওয়ার খবর রয়েছে।
তাই বোর্ড আপাতত আইসিসি-এর টি-২০ বিশ্বকাপ-এর সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছে। সেই কারণে ইচ্ছা থাকলেও আইপিএল নিয়ে কোনো দিনক্ষণ ঘোষণা করা যাচ্ছে না। এদিন ব্রিজেশ প্যাটেল বলেন, “আইপিএল-এর নির্ঘন্ট এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। যতক্ষন না আইসিসি টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনো সরকারি ঘোষণা করছে ততদিন আমরাও কোনো ঘোষণা করতে পারছি না।” অন্যদিকে বুধবার রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে চিঠি পাঠান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। চিঠিতে তিনি জানিয়েছেন বোর্ড শীঘ্রই ক্রিকেটের ভবিষ্যতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অ্যাসোসিয়েশনগুলিকে জানবে।
শুধু ভারত নয় কার্যত করোনার চলতে থমকে গেছে গোটা ক্রীড়ামহল। যার চলতে আর্থিক সমস্যার মধ্যে পড়েছে অনেকেই। তাই করোনা এড়াতে এবং আয়ের পথ সুগম করতে বিসিসিআই ফাঁকা স্টেডিয়ামে আইপিএল আয়োজনের কথা ভাবছে।সৌরভ জানান, “খালি স্টেডিয়ামগুলিতে আইপিএল-এর টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে বিসিসিআই সবরকম বিকল্প পথ ভেবে দেখছে। ফ্যান, ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার, ব্রডকাস্টার, স্পনসর এবং অন্যান্য সমস্ত স্টেকহোল্ডার সবাই এই বছর আইপিএল হওয়ার সম্ভাবনার দিকেই তাকিয়ে রয়েছে।”
বুধবার আইসিসি-এর বৈঠকের অপেক্ষায় ছিল বিসিসিআই। শুধু আইপিএল নয় পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও শুরু করতে পারে বোর্ড এমনটাই জানা যাচ্ছে। সৌরভ বলেন, “মূলত আমাদের বোর্ডের সদস্যরা একটি স্ট্যান্ডার্ড গাইডলাইন তৈরি করছে যাতে ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলি তাদের অঞ্চলে ক্রিকেট টুর্নামেন্টগুলো পুনরায় শুরু করতে পারে। বিসিসিআই এই গাইডলাইন তৈরির জন্য চিকিৎসা বিশেষজ্ঞদের সামিল করেছে বোর্ডে।” করোনা সংক্রমনকে এড়িয়ে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করাই এখন সবার মূল লক্ষ্য।





