নাড্ডা-বিজয়বর্গীয়’র কনভয়ে হামলায় জোড়া মামলা দায়ের করল‌ পুলিশ, হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৭

গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি ও বাংলায় বিজেপির পরিদর্শক জেপি নাড্ডা ও কৈলাস বিজয়বর্গীয়’র কনভয়ে হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারের পথে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে বৃহস্পতিবার এই হামলা হয়।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে উস্তি ও ফলতা থানা এলাকা থেকে এই ৭ জনকে দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। যেখানে হামলা হয়েছে সেখানে অভিযুক্তরা উপস্থিত ছিল বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার গুরুত্ব দিয়ে তদন্ত করছেন আধিকারিকরা। অন্য অভিযুক্তদের গ্রেফতার করতে জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশিও চলছে।
নড্ডার কনভয়ে হামলার ঘটনায় উস্তি ও ফলতা থানায় ২টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। সেই ২ মামলায় বৃহস্পতিবার রাতে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে। তাদের শুক্রবার ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা থেকে ডায়মন্ড হারবারে কর্মিসভা করাতে যাওয়ার পথে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে হামলার শিকার হয় হয় জেপি নড্ডার কনভয়। মুহুর্মুহু ইট পড়তে থাকে কনভয়ের গাড়িগুলিতে। ইটের ঘায়ে নড্ডার সঙ্গে থাকা প্রায় সমস্ত বিজেপি নেতার গাড়ির কাঁচ ভেঙে যায়। গাড়ির মধ্যে ইট এসে পড়ায় আহত হয়েছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ একাধিক বিজেপি নেতা। শুক্রবার শারীরিক পরীক্ষায় ধরা পড়েছে হামলার জেরে বিজয়বর্গীয়’র হাতের লিগামেন্ট ছিড়েছে বলে খবর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই ঘটনাকে সাজানো ঘটনা আখ্যা দিয়েছেন।

RELATED Articles