৭ বছরের শিশুকন্যাকে চকোলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ধর্ষণ, দাদুর কুকর্মে ক্ষতবিক্ষত নাবালিকা, ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ নাবালিকা ধর্ষণ

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর যে ভাবে রাজ্যে আন্দোলন-প্রতিবাদ গড়ে উঠেছিল, তাতে মনে করা হচ্ছিল যে এবার হয়ত মহিলা, শিশুদের উপর যৌন হেনস্থার ঘটনা কমবে। কিন্তু তেমনটা আর হল না। গত কয়েকদিনে সামনে এসেছে একের পর এক ধর্ষণ, যৌন হেনস্থার ঘটনা। ২৪ ঘণ্টায় রাজ্যের টন নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে এল।

রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে যখন গলা ফাটাচ্ছেন সকলে, সেই সময় দাঁড়িয়েই ফের যৌন নির্যাতন চলল এক ছোট্ট শিশুকন্যার উপর। চকোলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ করল দাদু। এমন ঘটনায় তীব্র উত্তেজনা সেই এলাকায়। দাদুর কুকীর্তির ফলে রক্তাক্ত ছোট্ট প্রাণটি।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের ভগীরথপুর পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম নুরনব্বী মণ্ডল। বয়স ৪৫ বছর। অভিযুক্ত সম্পর্কে শিশুকন্যার দাদু। জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর সন্ধ্যেয় বাড়িরই এক নির্মীয়মাণ ঘরে নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে নিয়ে যায় ওই ব্যক্তি। সেখানে নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে সে।

ব্যক্তির অত্যাচারে রক্তাক্ত হয় ওই শিশুকন্যা। কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে মা-বাবাকে সবটা জানায় সে। তড়িঘড়ি মেয়েকে নিয়ে ডোমকল মহকুমা হাসপাতালে যান তারা। সেখানে চিকিৎসা চলে নাবালিকার। পাড়ায় ঘটনার কথা জানাজানি হতেই হরিহরপাড়ার দিকে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত।

জানা যায়, ২৪ ঘণ্টা পর একটু সুস্থ হয় ওই নাবালিকা। এরপর অভিযুক্তের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা-বাবা। শনিবার সকালে হরিহরপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।  

এই ঘটনায় ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম জানান, “খুবই জঘন্য ঘটনা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে এটা ভালো খবর। আশা করি, কঠোর শাস্তির ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে”।

আরও পড়ুনঃ ‘আর সহ্য হচ্ছে না, রাজ্যটা কী খুনি-ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল?’, একের পর এক ধর্ষণের ঘটনায় সরকারকে কটাক্ষ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর

বলে রাখি, এই নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের ৩ নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে এল। শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের ফালাকাটায় এক পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এরপর শনিবার দুপুরে সেই আলিপুরদুয়ারেই এক নাবালিকাকে নদী থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। আর এবার ধর্ষণের অভিযোগ উঠল ডোমকল থেকে।

RELATED Articles